তালেবানের বোমায় ২২ ট্যাংকার ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ন্যাটো বাহিনীর জ্বালানিবাহী ২২টি ট্যাংকার ধ্বংস হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এসব ট্যাংকার দিয়ে উজবেকিস্তান থেকে আফগানিস্তানে তেল নিয়ে যাওয়া হচ্ছিল। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ভোরের আলো ফোটার আগেই ট্যাংকারগুলোতে এ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ট্যাংকারগুলোকে গ্রাস করে। এগুলো দিয়ে ন্যাটোবাহিনীর জন্য উজবেকিস্তান থেকে আফগানিস্তানের দক্ষিণে জ্বালানি নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গতকাল সারা রাত আফগানিস্তানের সামানগান প্রদেশে এসব ট্যাংকার রাখা হয়।একজন গোয়েন্দা কর্মকর্তা বিবিসিকে জানান, খুব কাছাকাছি পার্ক করে রাখা ট্যাংকারগুলোর কোনো একটিতে বোমাটি লুকিয়ে রাখা ছিল। এতে একটিতে বিস্ফোরণ হওয়ার পর অন্য ট্যাংকারগুলোতেও বিস্ফোরণ ঘটে।গত বছর আফগানিস্তান সীমান্তে মার্কিন বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হওয়ার পর পাকিস্তান তার ভূখণ্ডের ওপর দিয়ে ন্যাটো বাহিনীর রসদবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে সেনাদের রসদ বহনের জন্য মধ্য এশিয়ার দেশগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে ন্যাটো।চলতি মাসের শুরুতে পাকিস্তান তার স্থলপথ খুলে দিলেও এখনো ন্যাটোর গাড়িগুলো পুরোমাত্রায় ওই পথে চলাচল শুরু করেনি। কয়েক বছর ধরে পাকিস্তানের ভূখণ্ডে ন্যাটোর ট্যাংকারে হামলার ঘটনা ঘটলেও আফগানিস্তানে এ ধরনের হামলা খুব কম হয়েছে।