তালেবানের ভারত বন্দনা
আফগানিস্তানের তালেবান জঙ্গিরা পাকিস্তানের আইএসআইয়ের মদদপুষ্ট বলেই মনে করা হয়। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ভারতের স্বার্থে আঘাত হানার অভিযোগও রয়েছে। তবে সেই তালেবানই এবার প্রশংসা করেছে ভারতের। আফগানিস্তানে সামরিক উপস্থিতি জোরালো করার মার্কিন আহ্বানে সাড়া না দেওয়ায় ভারতের ওপর খুশি তালেবানেরা।সম্প্রীতি ভারত সফরে গিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। সফরকালে বলেন, ২০১৪ সালে আফগানিস্তান ত্যাগ করবে সৈন্যরা। এ অবস্থায় ভারতকে আফগানিস্তানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তবে প্যানেট্টার এ আহ্বানে সাড়া দেয়নি ভারত। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, ভারত ওই আহ্বানে সম্মতি না দেওয়ায় তালেবানরা ভারতের ওপর বেজায় খুশি।তালেবানদের এক বার্তার খবর দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘এতে কোনো সন্দেহ নেই যে ভারত এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, তারা আফগানিস্তান সম্পর্কে সচেতন। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে নিজ দেশকে বিপর্যয়ে ফেলতে চায়নি।’ ওই বার্তায় আরও বলা হয়, ‘ভারতীয় কর্তৃপক্ষ এবং দেশটির জনগণ ভাল করেই জানে গত ১২ বছর ধরে আফগানিস্তানে একটি অবৈধ যুদ্ধ চলছে। এছাড়া আফগানদের দাবি সম্পর্কেও ভারত ওয়াকিবহাল।’আফগানিস্তানে গৃহযুদ্ধ চলার সময় তালেবানদের বিরুদ্ধে ভারত উত্তরাঞ্চলীয় জোটকে সহায়তা করত। ১৯৯৬ সালে তালেবানরা উত্তরাঞ্চলীয় জোটকে হটিয়ে ক্ষমতা পাকাপোক্ত করে।