তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বাধা কারজাই!
তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে প্রধান বাধা মনে করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী। তবে বর্তমান আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে। পাকিস্তান এ অভিযোগ নাকচ করে দিয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন, ‘এ মুহূর্তে কারজাই তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় প্রধান বাধা। তিনি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে চাইছেন, কিন্তু তিনি আসলে আফগানিস্তানকে সরাসরি নরকে নিয়ে যাচ্ছেন।’আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তিনি শান্তি চান তাঁর মতো করে। তাঁর আশঙ্কা, আফগানিস্তান থেকে আগামী বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বলে তালেবানের সঙ্গে যেনতেন সমঝোতায় পৌঁছার উদ্যোগ নেওয়া হয়েছে।পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে অনেক দিন ধরে সন্দেহ দানা বেঁধেছে। সম্প্রতি দুই দেশের সম্পর্কের উন্নতি অনেকের মধ্যে আশার সঞ্চার করে। তবে তালেবানকে কাছে টানার উদ্দেশ্যে আফগান প্রেসিডেন্টের বিরুদ্ধে পাকিস্তানের দোষারোপের জের ধরে সেই সম্পর্কে আবারও শীতলতা দেখা যাচ্ছে।এদিকে, আফগান সরকার দেশটির তালেবান বিদ্রোহীদের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এতে তালেবানই লাভবান হবে বলে ধারণা করা হয়। অনেকের আশঙ্কা, তালেবান সদস্যরা আবার ক্ষমতা দখল করতে পারে, ১৯৯৬ সালে তালেবান যা করেছিল। ওই সময় পাকিস্তান তাদের মদদ দেয় বলে অভিযোগ রয়েছে।আফগানিস্তানে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আজিজ খান মনে করেন, কারজাইয়ের ওপর সব দোষ চাপানো ঠিক নয়। পাকিস্তান, যুক্তরাষ্ট্র, আফগান সরকার ও তালেবান—এই চারপক্ষের সবাই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট।