তালেবানের সঙ্গে সমঝোতার পরিকল্পনা তিন রাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানদের সঙ্গে সমঝোতার পরিকল্পনা করছে পাকিস্তান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাষ্ট্র তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। শান্তি আলোচনায় আগ্রহী তালেবানদের সঙ্গে তিন রাষ্ট্রের বৈঠকের জন্য স্থান নির্ধারণ নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। আফগানিস্তানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জাবেদ লুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।জাবেদ লুদ্দিন বলেন, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের লক্ষ্য তালেবান ও অন্যান্য সংগঠনের নেতাদের সঙ্গে সরাসরি সমঝোতার আলোচনা। পাশাপাশি ভবিষ্যত্ পরিস্থিতি ও আফগানিস্তানের সাধারণ জনগণের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদের প্রতি তাগিদ দেওয়া হবে।আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মার্ক গ্রোসম্যান বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই—আফগানিস্তানের সাধারণ জনগণের কথা ভেবে একটি চুক্তি করা। অপর মার্কিন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কারস্টেন জ্যাকবসন বলেন, একটা রাজনৈতিক স্থায়িত্ব দরকার। এ লক্ষ্যে সরাসরি যেকোনো বিষয়কে স্বাগত জানানো হবে। বিশ্লেষকদের ধারণা, আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা ভাগাভাগি কিংবা যৌথ কোনো কূটনৈতিক ব্যবস্থায় আবদ্ধ হওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আগামী মে মাসে অনুষ্ঠিতব্য ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগেই তালেবানদের বিরুদ্ধে সামরিক কৌশলগত অগ্রগতি নিশ্চিত করা।