তালোড়া রেলস্টেশনে সমস্যার শেষ নেই যাত্রীরা দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলওয়ে স্টেশনে সমস্যার শেষ নেই। রেলস্টেশনের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসীসহ যাত্রীরা।গত ২৮ জানুয়ারি সরেজমিনে গেলে স্টেশনের পাশের তালোড়া ফেঁপিড়া গ্রামের কলেজ শিক্ষক অরবিন্দ দাস বলেন, প্লাটফর্মের সাইড প্লাস ভেঙে যাওয়ার পর থেকে কোনো মেরামতের ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ। ট্রেনে ওঠানামার সময় প্রায় দিনই ছোটখাট দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। এ ছাড়া ৩০ থেকে ৩৫ বছর আগের তৈরি প্লাটফর্মের টিনশেড। টিনের অধিকাংশ স্থানে ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়। বর্ষার সময় বৃষ্টি হলে প্লাটফর্মে দাঁড়ানো যায় না। এ সময় ট্রেন প্লাটফর্মে এলে যাত্রীরা মালামাল নিয়ে ওঠানামা করতে গিয়ে বৃষ্টির পানিতে ভিজে যায়। স্টেশনের শ্রমিক নেতা আবদুল খালেক বলেন, প্লাটফর্মের টিনশেড নষ্ট হওয়ার পর থেকে ্প্লাটফর্মের ওপর মালামাল রাখা যায় না। স্টেশন মাস্টারের অফিসের বারান্দায় মালামাল রাখতে হয়। ট্রেন এলে এসব মালামাল উঠানোর জন্য শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হয়।৪৮১ আপ ট্রেনে বগুড়া যাওয়ার জন্য ওয়েটিং রুমের সামনে অপেক্ষা করা মহিলা যাত্রীদের মধ্যে রুকসানা বেগম ও আঞ্জুমান আরা অভিযোগ করেন, স্টেশনের ওয়েটিং রুমের অবস্থা খুবই খারাপ। ভাঙা তিন-চারটা চেয়ার ছাড়া বসার তেমন কোনো ব্যবস্থা নেই। ওই সব চেয়ারে ছারপোকার কামড়ের অত্যাচারে বসা যায় না। তা ছাড়া টয়লেট অপরিষ্কার। টয়লেটে পানির কোনো ব্যবস্থা নেই। ওয়েটিং রুমের নোংরা পরিবেশ আর দুর্গন্ধের জন্য বাহিরে এসে প্লাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আবার প্লাটফর্মে বসার জন্য সিমেন্টের ঢালাই করা হেলানো বেঞ্চগুলোও ভাঙা ও নোংরা।তালোড়া উন্নয়ন ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরদার বলেন, বগুড়া জেলার মধ্যে তালোড়া বন্দর ব্যবসায়ী স্থান হিসেবে প্রসিদ্ধ। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ব্যবসায়ীরা ব্যবসার কাজে আসেন। দিনে ও রাতে আসা-যাওয়ার জন্য আন্তনগর ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য রেল বিভাগের কাছে আবেদন করেছে এলাকাবাসী। কিন্তু আজ পর্যন্ত ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ।তালোড়া রেলস্টেশনে স্টেশন মাস্টারের তিনটি পদ থাকলেও আছেন মাত্র দুজন। গেটম্যানের পদ তিনটি থাকলেও আছেন মাত্র একজন। একজন পোর্টার ও একজন সুইপার রয়েছেন। স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের থাকার জন্য যে কোয়ার্টারগুলো রয়েছে, তা মান্ধাতা আমলের। জরাজীর্ণ এসব স্টাফ কোয়ার্টারে টিন ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ায় থাকার অযোগ্য হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সরকারি কোনো যত্ন না থাকায় স্টেশনটি শ্মশান ঘাটের মতো।স্টেশনের আগেই রেলঘুমটি। দুপচাঁচিয়া-তালোড়া ব্যস্ত রাস্তার যানবাহন চলাচল করে এ রেলঘুমটি দিয়ে। রেলঘুমটির উত্তর ও দক্ষিণ দিকের একেবারে রেললাইনসংলগ্ন জায়গা স্থানীয় প্রভাবশালীরা দখল করে স্টল ও স্থায়ী দোকান গড়ে তুলেছে। যানবাহনের চালকেরা ঘুমটি পারাপারের সময় দোকানগুলোর কারণে ট্রেন দেখতে পায় না। রেলঘুমটিতে গেটবার ও গেটম্যানের ঘরও নেই। রেলঘুমটিতে গড়ে ওঠা রিকশা-ভ্যান স্টান্ডের রিকশাচালক আবদুল হাকিম বলেন, ‘হামরা রাস্তা দিয়্যা যখন রেলঘুমটি পার হবার ল্যাগি তকন দুই দিকের দোকানের চাপে ট্রেন দেকা পাই না। ঘুমটিত রেলবার না থাকায় ট্রেনের হুইসিল শুনা চেইন দিয়্যা ঘুমটি বন্ধ করা য়ো হয়। রাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে করার কিছুই থাকপে না।’স্টেশনের মাস্টার আজগর আলী বলেন, এ স্টেশনে প্রতিদিন যত ব্যস্ততা সে তুলনায় লোকবল খুবই কম। এ স্টেশনে সমস্যা অনেক। সমস্যা সমাধানে বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।