তাহমিনার নকশিকাঁথা
‘হামার পায়ে বল (শক্তি) নাই তা কি হছে, হামি হাত দিয়ে ভালো ভালো খেঁতা (নকশিকাঁথা) সিলাই করা পারি।’ শারীরিক অক্ষমতা সত্ত্বেও আত্মবিশ্বাসী সুরে কথাগুলো বলে শারীরিক প্রতিবন্ধী তাহমিনা। সে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ছোটতারা গ্রামের ভূমিহীন কৃষক নজরুল ইসলামের মেয়ে। জন্মের পর থেকেই তার দুটি পা সরু ও শক্তিহীন। কিন্তু শিল্পীমনের ছোঁয়ায় পাকা হাতে নান্দনিক সব নকশিকাঁথা তৈরিতে তার জুড়ি মেলা ভার। এই গুণকে সম্বল করেই স্বাবলম্বী হতে চায় তাহমিনা।২৮ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে বসে তাহমিনা লালসালু কাপড় দিয়ে কাঁথা সেলাই করছে। ভূমিহীন বাবার তিন সন্তানের মধ্যে সবার বড় সে। সংসারে অভাব-অনটনে নিয়মিত দুবেলা দুমুঠো খাবার জোটে না তাদের।তাহমিনার বাবা নজরুল ইসলাম এবং মা হাজেরা বেগম জানান, তাঁদের বড় মেয়ে ১০ বছর ধরে এই নকশিকাঁথার কাজ করছে। এ কাজ করে সে সংসারে সহযোগিতাও করছে। তার জন্মের পর থেকেই দুটি পা চিকন বলে হাঁটতে পারে না। কিন্তু অভাবের সংসার হওয়ায় তাকে একটা হুইল চেয়ারও কিনে দিতে পারেননি তাঁরা।তাহমিনা জানায়, প্রতি তিন মাসে বিভিন্ন ডিজাইনের তিন-চারটি নকশিকাঁথা তৈরি করতে পারে সে। সুতা ও কাপড়সহ একটি কাঁথা তৈরিতে খরচ হয় ৩০০ থেকে ৪০০ টাকা। ওই কাঁথা বিক্রি হয় এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকায়। সে আরও জানায়, এ কাজে তার কোনো প্রশিক্ষণ নেই। ভালো প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে সে আরও ভালো কাঁথা তৈরি করতে পারবে বলে তার বিশ্বাস।তাহমিনার নকশিকাঁথার ক্রেতা ছোটতারা গ্রামের মুন্নী আক্তার বলেন, ‘আমরা সুস্থ মানুষ হয়েও এত সুন্দর সেলাই করতে পারি না। মেয়েটি নিজেই কাঁথার ডিজাইন করে, সেলাই করে।’ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন জানান, তাহমিনার সেলাই করা নকশিকাঁথা এলাকায় খুবই জনপ্রিয়।