তাহরির স্কয়ারে নিহত ২২ (ভিডিওসহ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে গতকাল রোববার সেনাশাসন-বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ । এ ঘটনায় প্রায় ৯০০ লোক আহত হয়েছে। বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে।গতকাল দেশটির নিরাপত্তা বাহিনী সহিংস উপায়ে তাহরির স্কয়ার থেকে হাজার হাজার বিক্ষোভকারীকে হটানোর পদক্ষেপ নেয়। এ সময় তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি রাবার বুলেট ব্যবহার করে। বিক্ষোভকারীদের লাঠিপেটাও করে নিরাপত্তা বাহিনী। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।এর আগের দিন শনিবার তাহরির স্কয়ারে পুলিশের হাতে দুই বিক্ষোভকারী নিহত হয়। দেশটির চিকিত্সা কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ২২টি মরদেহ পেয়েছেন। এ ছাড়া গতকালের সহিংসতায় প্রায় ৯০০ ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর ৪০ জন সদস্যও রয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের মাত্র কয়েক ঘণ্টা পরই আন্দোলনকারীরা আবার তাহরির স্কয়ার দখল করে নেয়। হাজার হাজার বিক্ষোভকারী এখনো সেখানে অবস্থান করছে। বিক্ষোভকারীরা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের বিপক্ষে স্লোগান দেয়। তারা ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির পদত্যাগ দাবি করে। হোসনি মোবারক পদত্যাগ করার পর এই তানতাবির নেতৃত্বেই সুপ্রিম কাউন্সিল ক্ষমতা গ্রহণ করে। তানতাবির দীর্ঘদিন ধরে মোবারক সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন সেনাশাসকেরা ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে। কায়রোর তাহরির স্কয়ারের পাশাপাশি আলেকজান্দ্রিয়া, সুয়েজ এবং আসওয়ান শহরেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ফলে মিসরে আবারও রক্তক্ষয়ী আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।