তাহরির স্কয়ারে যৌন হয়রানি বাড়ছে
মিসরের সাম্প্রতিক বিপ্লবের কেন্দ্র তাহরির স্কয়ার। গণতন্ত্রের দাবিতে মিছিল, সমাবেশ, সংঘাত আর মৃত্যুর প্রান্তর এই স্কয়ার; যার বাংলা করলে দাঁড়ায় ‘মুক্তির ময়দান’। অভিযোগ উঠেছে, এই ঐতিহাসিক স্থানেই নারীদের ওপরে চলছে নির্যাতন ও নিপীড়ন।দেড় বছর আগে লারা লোহান নামের একজন নারী এ ময়দানে যৌন নিপীড়নের শিকার হন। এরপর আন্দোলন চলাকালে, সমাবেশ স্থলে ও অন্যান্য জনসমাগমের মধ্যে নারীরা নিপীড়িত হয়েছেন, এমন অভিযোগ এসেছে। অনেক নারী বলছেন, তাঁরা প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর পরিস্থিতির শিকার হচ্ছেন। সম্প্রতি আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।তাহরির স্কয়ারে এ ধরনের হয়রানির শিকার নাতাশা স্মিথ তাঁর ব্লগে নারীদের নিপীড়িত হওয়ার বিষয়টি সামনে আনেন। ব্রিটিশ নাগরিক নাতাশা তাঁর সাংবাদিকতা ডিগ্রির জন্য ইন্টার্ন করতে এখন কায়রোতে অবস্থান করছেন। তিনি দুজন ছেলে বন্ধুসহ কীভাবে তাহরির স্কয়ারের পাশে গত ২৪ জুন নিপীড়িত হন, সে বর্ণনা দিয়েছেন ব্লগে। একদল উচ্ছৃঙ্খল যুবক তাঁদের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাঁদের গায়ের কাপড় ছিঁড়ে ফেলে। শরীরের বিভিন্ন জায়গায় আঁঁচড় কাটে এবং থাবা দিতে থাকে। একপর্যায়ে তারা একটি তাঁবুর ভেতরে ঢুকে নিস্তার পান।ইন্টারনেট ব্লগে নিজেকে ইংরেজি বর্ণমালার ‘সি’ হিসেবে পরিচয় দিয়ে একজন নারী গত ২ জুন তাঁর ওপরে নির্যাতনের বর্ণনা দেন। তিনি তাহরির স্কয়ারের এক কোণে একটি মোটরসাইকেলের ওপরে দাঁড়িয়ে বক্তৃতা শুনছিলেন। এ সময় একদল লোক তাঁর ওপরে আক্রমণ চালায়। সি-এর ছেলেমেয়ে বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু আক্রমণকারীদের সংখ্যা ছিল অনেক বেশি। একসময় আক্রমণকারীরা তাঁকে টেনে নিয়ে যায় পাশের এক ভবনে। সেখানে তাঁরা সি-কে পালাক্রমে ধর্ষণ করতে থাকে। সে সময় ওই ভবনের একদল লোক তাঁকে উদ্ধার করেন। সি বলেন আক্রমণকারীরা তাঁকে কেবল ধর্ষণই করেনি, বর্বরভাবে পিটিয়েছেও।সহিংসতার মাত্রা বৃদ্ধিগত জুন মাসে তাহরির স্কয়ারে যৌন নিপীড়নের সংখ্যা বেশ বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, যেকোনো ক্রান্তিকালে বা সংঘাতের সময় নারীর ওপরে সহিংসতার মাত্রা বেড়ে যায়। মিসরের বর্তমান অবস্থায় তাহরির স্কয়ারও এর ব্যতিক্রম নয়। এখানে কেবল নিঃসঙ্গ নারীই সহিংসতার শিকার হচ্ছেন না। কখনো কখনো নারীদের সমাবেশেও হামলা হচ্ছে। গত ৮ জুন নারীদের এক সমাবেশে একদল সশস্ত্র মানুষ হামলা করে। হামলাকারীরা মেয়েদের বেদমভাবে পেটায় এবং গায়ের কাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করে। মেয়েদের বাঁচাতে অনেক পুরুষ এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও আক্রমণ করে।২০১১ সালের ৮ মার্চ নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশেও এ ধরনের হামলা হয়। সেনাসদস্যরা সমাবেশের আয়োজকদের সাহায্যে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। মানবাধিকার সংস্থা ইজিপসিয়ান ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটসের (ইআইপিআর) গবেষক ডালিয়া আবু আল হামিদ বলেন, সম্প্রতি মেয়েদের প্রতি সহিংসতা লক্ষণীয় ভাবে বেড়েছে। তিনি বলেন, ‘শুরুতে এসব আক্রমণ ছিল ব্যক্তিগত বা একক। ধীরে ধীরে এগুলোর প্রকৃতি বদলেছে। গত কয়েক মাসে যেসব সহিংসতা হয়েছে, সেগুলো সংঘবদ্ধ।’ একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তাহরির স্কয়ারে পুলিশেরা অন্য সবার মতোই অসহায়। তারা কারও বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পায়, পাছে লোকে তাদের ওপরে খেপে যায়!’শাসনের অনুপস্থিতিদিন দিন তাহরির স্কয়ারে নিপীড়নের মাত্রা বাড়লেও, এসব ঘটনার তদন্ত বা বিচার কত দূর হবে, তা অনিশ্চিত।একজন পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে যৌন নিপীড়নের অভিযোগগুলো লিপিবদ্ধ করে প্রধান পুলিশ কমিশনারের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, এরপর এসব অভিযোগপত্র দিয়ে কী করা হয়, সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলতে পারেননি। তিনি ধারণা করেন, হয়তো পুলিশ কর্মকর্তারা কিছু কিছু অভিযোগ গায়েব করে দেন। কর্মকর্তারা দেখাতে চান, তাঁরা এসব বিবাদ নিষ্পত্তিতে কাজ করে চলেছেন। অনেক সময় কর্মকর্তারা নিপীড়িত নারীকে বোঝাতে চান, ‘বিচার প্রক্রিয়া চললে তা ওই মেয়েটির জন্যই কত লজ্জার ব্যাপার হবে।’অতঃপরডালিয়া আবু আল হামিদ মনে করেন, এর পরও তাহরির স্কয়ারে নারীদের আসা উচিত, প্রতিবাদে মুখর হওয়া উচিত। তিনি বলেন, ‘নারীদের অধিকার আছে প্রতিবাদ করার। মেয়েরা এসব নিয়ে অভিযোগ করবে, এমন কোনো সংস্থা নেই। নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা উচিত, যাতে তাঁরা প্রতিবাদে শামিল হতে পারেন।’হ্যারাসম্যাপ ডট অর্গ নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা রেবেকা শিয়াও বলেন, ‘মেয়েদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের চেয়ে সমাজের বেশি। আমরা অনেক দিন যৌন নিপীড়ন-বিরোধী নীতিমালার জন্য আন্দোলন করেছি। ২০১১ সালে তা পাস হয়েছে। কিন্তু পরিস্থিতি পাল্টায়নি।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের রাস্তায় কারও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমাজের দায়িত্ব নেওয়া উচিত। এর জন্য প্রত্যেককে তার কাজ মনে করিয়ে দেওয়া দরকার। কাউকে অবজ্ঞা করা বা চুপ করে থাকার জন্য কোনো অজুহাত না দেখিয়ে সবার উচিত এসব (যৌন নিপীড়ন) বন্ধের জন্য আওয়াজ তোলা।’