তাহসানের ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী তাহসান ব্যান্ড গড়ছেন—এমন কথা শোনা যাচ্ছিল অনেক দিন থেকেই। কিন্তু এ ব্যাপারে তাহসান নিজে কিছু বলেননি। তবে পরিকল্পনা করেছেন, কাজ করে গেছেন সবার অগোচরেই। আগামী ২৪ ফেব্রুয়ারি তাহসান তাঁর ব্যান্ড নিয়ে প্রথম কনসার্ট করতে যাচ্ছেন। আর এই কনসার্টটি হবে হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে। তাহসানের ব্যান্ডের নাম ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। তাহসানের গান শেখার শুরুটা হয়েছিল ছায়ানটে, রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে। শাস্ত্রীয়সংগীতের চর্চাও করেছেন। এরপর ২০০০ সালে তিনি যুক্ত হন ব্ল্যাকের সঙ্গে। শুরু হয় নতুন গানের চর্চা, রক গান। পাশাপাশি নিজে গান লিখেছেন, তাতে সুর করেছেন। কিন্তু তাহসান কখনো সুফি গানের চর্চার ব্যাপারে কিছু বলেননি কিংবা তাঁর গান শুনেও তেমনটা মনে হয়নি। সুফি গানের প্রতি হঠাৎ আগ্রহ তৈরির ব্যাপারে তাহসান বললেন, ‘সুফি গান তো অনেক পুরোনো ধারা। আর এ গানের প্রতি আগ্রহটা আমার সব সময়ই ছিল। নিজে গান লেখা এবং সুর করার ক্ষেত্রেও সুফি ঘরানাকে প্রাধান্য দিয়েছি। পড়াশোনার ব্যস্ততার কারণে ২০০৫ সালে ব্ল্যাক থেকে বেরিয়ে আসার পর আলাদা করে সুফি গান নিয়ে আমার মধ্যে ভাবনা তৈরি হয়। আর ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর সুফি-রক ঘরানার গান করার পরিকল্পনা করি। ধারাটা আমাদের এখানে খুব একটা পরিচিত না। আর শ্রোতাদেরও নতুন কিছু দিতে পারব।’‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সদস্যরা হলেন জিয়া (গিটার), রুবেল (ড্রামস), শিমূল (বেস গিটার) ও তাহসান (কণ্ঠ)। তাহসান জানালেন, অনেক দিন থেকেই তাঁরা একসঙ্গে নিয়মিত চর্চা করছেন। নিজের লেখা ও সুর করা গানগুলো এখন থেকে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের জন্য করবেন তাহসান। পাশাপাশি তৈরি করছেন নতুন গান। ২৪ ফেব্রুয়ারি শ্রোতাদের নতুন একটি গান উপহার দেওয়ার ইচ্ছা আছে তাঁর।