তাহাদের ঈদ
আসছে ঈদ। বাজার কিংবা বিপণিবিতান গুলোতে চলছে রমরমা ঈদের কেনাকাটা। শুধু কাপড়চোপড় কিংবা শাড়ি কেনাই নয়, এর সঙ্গে মিলিয়ে গয়নাগাটি, উপহার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রভৃতি কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ফলে বিপণিবিতানগুলোয় জমজমাট ভিড় চোখে পড়ে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু নারী আছেন, যাঁদের সুন্দর মুখের অবয়ব কিংবা শরীর এসিডে ঝলসে দিয়েছে কতিপয় নিষ্ঠুর অমানবিক পুরুষ। কেমন কাটছে এই এসিডদগ্ধ নারীদের দিনগুলো। আর ঈদ ঘিরে তাঁদের মনের অব্যক্ত ইচ্ছাগুলো জানার জন্যই আমরা গিয়েছিলাম এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) বনানীর অফিসে। ১৯৯৯ সালের ১২ মে এসিড-সহিংসতায় অসহায় মানুষের চিকিৎসা, পরিচর্যা, সমাজে তাঁদের পুনর্বাসন ও এসিড-সহিংসতা নির্মূল করার লক্ষ্যে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের এগিয়ে যাওয়া।এ প্রতিষ্ঠানে গিয়েই কথা হয় কয়েকজন এসিডদগ্ধ নারীর সঙ্গে। এসিডদগ্ধ প্রত্যেক নারী যখন প্রতিবেদকের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁদের চোখ ছিল অশ্রুসিক্ত। তাঁরা নিজেদের মনে করছেন সমাজের অবহেলিত মানুষ। সমাজের প্রত্যেক মানুষের কাছে তাঁদের আবেদন চলার পথে সহযোগিতা করার জন্য। এসিডদগ্ধ নারীরা অনেকেই কৃতজ্ঞ প্রথম আলোর কাছে। যে এসিড ছুড়ে মেরেছে, সেই কাপুরুষকে ধরিয়ে দিতে কিংবা এসিড-সন্ত্রাসের শিকার নারীকে স্বাবলম্বী হতে সহায়তা করেছে—প্রথম আলো। প্রিয় পাঠক, মনে পড়ে আপনাদের, সেই ছোট্ট মেয়েটির কথা? দুটি মেয়ের পর তিন নম্বর মেয়ে হওয়ার কারণে যার জন্মদাতা নিজের হাতে মেয়েটির গলায় এসিড ঢেলে দিয়েছেন! এমনই নিষ্ঠুর আমাদের সমাজের চিত্র! ঈদ ঘিরে তাঁদের যত ভাবনানারায়ণগঞ্জের মেয়ে হাসিনা (২৪)। ২০০৪ সালে তিনি এসিডদগ্ধ হন। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত আছেন। চার ভাই ও তিন বোনের মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। তিনি নিজে এখনো অবিবাহিত। ঈদের দিনগুলো কীভাবে কাটানোর ইচ্ছা আছে, জানতে চাইলে হাসিনা বলেন, ‘আমার এ সুন্দর মুখটা যখন থেকে পশুগুলো এসিডে ঝলসে দিয়েছে, ওই দুর্ঘটনার পর থেকে ঈদে নতুন জামা কেনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। যদিও বড় ভাই গত বছর ঈদে জামা কিনে দিয়েছিলেন। তবে আমি সব সময় আমার মায়ের জন্য সুতি কাপড় কিনে দিই, বাবার হাতে ঈদের খরচ বাবদ টাকা তুলে দিই, ছোট দুই ভাই আর বড় বোনের বাচ্চাদেরও কাপড়চোপড় কিনে দিই। এবার বাড়ি থেকে আসার পথে চাচাতো বোনও আবদার করে কিছু কিনে দেওয়ার জন্য। তাই ওর জন্যও কিছু কিনে নিয়ে যাব ভাবছি।’ আর্থিক অসামর্থ্যের কথাও জানান তিনি।‘সমাজের অন্য মেয়েরা মার্কেটে গিয়ে যখন স্বামীর সঙ্গে ঘুরে সুন্দর পোশাক কেনে, অথচ আমার দিকে যখন অন্য দৃষ্টিতে তাকায়, মনের অজান্তেই নিজের কাছে খারাপ লাগে। সমাজের অন্য দশটা মেয়ের মতো আমিও তো সুন্দরভাবে ঈদ করতে চেয়েছি, আমারও তো স্বপ্ন ছিল।’ অশ্রুসিক্ত কণ্ঠে বলছিলেন হাসিনা।মা-বাবার আদরের একমাত্র মেয়ে পাখি (ছদ্মনাম)। সংসারে অভাব-অনটন থাকায় খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় তাঁর। বিয়ের পর থেকেই স্বামী অসুস্থ থাকতেন। রোদে কখনো কাজ করতে পারতেন না। এর সঙ্গে রয়েছে শ্বাসকষ্টের সমস্যা। ফলে সংসারের হাল ধরতে শ্বশুর, শাশুড়িসহ সবার দেখভাল করার পাশাপাশি জমিতে কামলা খাটতেন তিনি। তবে জমির যে মালিক তাঁদের সঙ্গে পাখির শ্বশুরবাড়ির লোকজনের পূর্বশত্রুতা ছিল। এরই মধ্যে দুই ছেলের জননী হন। পাশাপাশি কাঁথা সেলাইয়ের কাজও করতেন। জমিতে কাজ করতে গেলে মাঝেমধ্যেই জমির মালিক কুপ্রস্তাব দিতেন। এতে সাড়া না দেওয়ায় একদিন পাটখেতে নিয়ে ধর্ষণের পর তাঁর শরীর এসিডে ঝলসে দেন। ওই অবস্থায় এলাকার কিছু তরুণের সহায়তায় ব্র্যাকের অফিসে নেওয়া হয় তাঁকে এবং সেখান থেকে এ প্রতিষ্ঠানের হাসপাতালে ভর্তি করা হয়। ঈদের কথা বলতেই কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আফা, এইহানে যেই দিন আয়েছি, আমার ছোট পোলাডার (পাঁচ) গায়ে কোনো কাপড় ছেল না। আমার পরনেও ছেঁড়া কাপড় ছেল। এইহানের খালারা (সেবিকা) আমার পোলাডারে একটা জামা দেছে। এত খুশি হয়েছি। আরেক খালা তাঁর একটা কাপড় দেছে আমারে। এত দিন পরি নাই, কাপড়ডা ঈদের দিন পরমু দেহি রাখি দিছি। আইজ আপনি আইছেন, তাই খালা জোর করে পরায়ে দিছে। আমার খুব ভালো লাইগছে আফা। এখান থেকে অনেক ভালোবাসা পাইছি। ডাক্তার কইছে, ঈদের মধ্যেও এইহানে থাকতি হবি, ঈদের দিন এইহানে নতুন কাপড় কিনি দিবে কইছে খালা। স্বামীর বাড়ির থাইক্যা এহন পর্যন্ত কেউ খোঁজখবর নেয়নি আমার। বড় পোলাডারেও কাপড় কিনা দিব কইছে খালা।’ খারাপ লাগে এখান থেকে বাড়ি গেলেই সমাজের লোকজন তাঁকে দুশ্চরিত্র বইলবে, ঠিকমতো হাঁটতে পারছেন না, সুস্থ হলেও কীভাবে সংসার চালাবেন, সে কথা চিন্তা করে কষ্ট পাচ্ছেন। তাঁকে যে এসিড মেরেছেন, সেই রবিউল পলাতক। পুলিশ তাঁকে ধরতে পারলেও ধরছে না। আসামি ধরা পড়লে, তাঁর শাস্তি হলে ঈদে পাখির সবচেয়ে বড় পাওয়া হবে বলে জানান।প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৯ সালে এসিড ছোড়ে শিমুর ওপর। শিমু বিবাহিত জেনেও তাঁকে প্রেমের প্রস্তাব দেয় রনি। রাজি না হওয়ায় ভোররাতে জানালা দিয়ে এসিড ছুড়ে মারে শিমুর মুখে। পরবর্তী সময়ে এই রনির কোনো বিচার না হওয়ায় শিমুর ভাইকে সে হত্যা করে। শিমু এখন দুই সন্তানের জননী। স্বামী ড্রাইভিংয়ের কাজ করেন। এসিড মারার পরপরই শ্বশুরবাড়ির লোকজন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে, তাঁকে বাধ্য করে আলাদা সংসার করতে। তবে তাঁর স্বামী সব সময় পাশে থেকে তাঁকে সাহস দিয়েছেন, ঘরের কাজের পাশাপাশি হাতের সেলাইয়ের কাজ করেন তিনি। ‘ঈদের দিন নিজের হাতে রান্নাবান্না করব, স্বামী-সন্তানের সঙ্গে ঈদ করব। স্বামীর সঙ্গে মার্কেটে গিয়ে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করব।’ বললেন শিমু। মাঝেমধ্যে এসিড-আক্রান্ত স্থানে চুলকায়। স্বামী তাঁকে সব সময় চিকিৎসকের শরণাপন্ন হতে সহায়তা করেছেন।সম্পত্তির লোভে এবং সম্পত্তির অংশের ভাগ যেন না দেওয়া লাগে সে জন্য ফজরের নামাজের অজু করতে গিয়ে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। পেছন থেকে এসিড মেরেছেন ভাসুর। এসিড-আক্রান্ত ওই নারী হচ্ছেন মনোয়ারা (৫০)। সম্প্রতি এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। ‘প্রত্যেক ঈদে নিজের হাতে সবকিছু রানবার পর শ্বশুরবাড়ির হগলরে খাওয়াই। অহন তো শরীরের প্রচণ্ড যন্ত্রণায় ঈদ কী, তা কইতে পারমু না, মা। মনে হয় এইবার ঈদে এহানেই থাহন লাগব।’ বললেন মনোয়ারা।নারায়ণগঞ্জের মেয়ে শাহনাজ (৩০)। দুই কন্যাসন্তানের জননী তিনি। ২০০৩ সালে টাকা-পয়সা নিয়ে বিরোধের কারণে দেবর তাঁর মুখসহ সারা শরীর এসিডে ঝলসে দেয়। ‘এক সময় রমজান ও ঈদের সময় নিজের হাতে রান্না করতাম, পরিবারের সবার জন্য। এখন তো আর চোখে দেখি না, শারীরিক অবস্থাও ভালো না। থাকি বাবার বাড়িতে। মাঝেমধ্যে আমিনবাজার শ্বশুরবাড়িতে যাই, তাও ছোট বোনকে সঙ্গে নিয়ে।’ নিজের জন্য কিছু না কিনলেও মেয়েদের ঈদে জামা কিনে দেওয়ার ইচ্ছা আছে। ঈদের দিন স্বামীর বাড়িতে গিয়ে স্বামী-সন্তানদের নিয়ে একসঙ্গে ঈদ করার আশা পোষণ করেন শাহনাজ। এসিড তাঁর কাছ থেকে পুরোনো ঈদের আনন্দের দিনগুলো কেড়ে নিয়েছে, বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শাহনাজ।ঈদে এএসএফের আয়োজন‘ঈদে এসিডদগ্ধ এসব নারীর মনের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যে এসিড সারভাইভারস ফাউন্ডেশন থেকে ঈদের আয়োজন হিসেবে যাঁরা ঈদের দিনেও চিকিৎসাধীন থাকেন, তাঁদের নতুন কাপড় কিনে দেওয়া, পোলাও, মাংস, এসব ভালো খাবার পরিবেশন, বিকেলের দিকে ছোট শিশুরা থাকলে তাদের নিয়ে ঘুরতে যাওয়া হয়।’ বললেন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুনিয়া রহমান।