তাহাদের সংস্কার
ঘরের চালে কাকের ডাক কে শুনতে চায়? কিংবা পরীক্ষার দিন সকালে ডিম খেতে! সংস্কারের মতো হয়ে যাওয়া বাঙালির এসব কুসংস্কারের বাইরে নন ক্রিকেটাররাও। লিখেছেন তারেক মাহমুদএকটা কুইজ। মোহাম্মদ আশরাফুল ব্যাট করতে নামছেন। ড্রেসিংরুমের দরজা তখনো পার হননি, অমনি পেছন থেকে কে যেন প্রকাণ্ড এক হাঁচি দিয়ে বসল। অমঙ্গলের কথা চিন্তা করে আশরাফুল কি একটু থেমে তারপর মাঠে নামবেন?উত্তর: না। কারও হাঁচি-কাশিতে তাঁর কিছু এলে-গেলে তো!আশরাফুল কুসংস্কারমুক্ত ছেলে। কারও হাঁচিতে তাঁর পথ আটকায় না, মাঠে গোল্লা মারার ভয়ে ম্যাচের দিন ডিম খাওয়াও বন্ধ নেই। তবে হ্যাঁ, পথ আটকাতে পারে একটা ঘটনা। যদি ব্যাটিং করতে যাওয়ার সময় হঠাৎ বাথরুম চাপে। ‘কুসংস্কারমুক্ত’ আশরাফুলের এই এক দোষ। ব্যাটিং করার সময় হলেই বাথরুম চাপে, তাও আবার বড়টা! পরিস্থিতি এমন দাঁড়ায় যে ওটাকে এড়িয়ে মাঠে নামাও কঠিন। ‘মাঝে মাঝে তো এমনও হয় আগের ব্যাটসম্যান আউট হয়ে ড্রেসিংরুমে আসার সময়টাতেও একবার টয়লেটে যেতে হয়’—আশরাফুল নিজেই বলছিলেন সেদিন। আশরাফুলের ভাগ্য ভালো, এ ধরনের পরিস্থিতিতে কখনোই টয়লেটে বেশি সময় লাগে না। ‘ব্যর্থ’ হয়েই ফিরে আসেন বরাবর। তবে টয়লেটে একবার যেতেই হয়।ব্যাপারটা কুসংস্কার নয়, হয়তো অভ্যাস। তবে আরও অনেক ক্রিকেটারের মতো তাঁর মধ্যে কোনো কুসংস্কার নেই বলে খুব মন খারাপ হয় আশরাফুলের, ‘জানেন এই একটা জিনিসের জন্যই বোধহয় পিছিয়ে পড়ছি। কিছু একটা থাকা উচিত ছিল। অনেকে দেখি, যে ব্যাট দিয়ে রান পায় সেটা দিয়েই ম্যাচের পর ম্যাচ খেলে, রানও করে। আর আমি আজ এই ব্যাট তো কাল আরেকটা। এ নিয়ে সুমন ভাইও (হাবিবুল বাশার) আমাকে অনেক বকেছেন।’আশরাফুল যে সুমন ভাইয়ের কথা বললেন, সেই হাবিবুল বাশারকে কিন্তু কুসংস্কারের বাদশা (অন্তত ক্রিকেটে) বলতে পারেন। খেলোয়াড়ি জীবনে কত কিছু যে মেনে চলেছেন তার ইয়ত্তা নেই। ব্যাটিংয়ে যাওয়ার সময় ডান পা আগে দিয়ে মাঠে ঢোকার অভ্যাস তো ছিলই, কাপড়-চোপড়ের বেলায়ও ছিল একটা নিয়ম। ব্যাটিংয়ের জন্য হাবিবুলের নির্দিষ্ট কিছু পোশাক ছিল। ময়লা হোক, নোংরা হোক বেছে বেছে সেগুলো পরে মাঠে নামতেন। হোটেলের লন্ড্রিতে কাপড় দিলে পেতে দেরি হয়। সিরিজ চলার সময় তাই হোটেলে সেসব কাপড় নিজেই ধুয়ে রুমে শুকিয়ে নিতেন।খেলায় বাছাই করা পোশাক পরার ব্যাপারটা অনেক ক্রিকেটারের মধ্যেই আছে। বলতে পারেন বাংলাদেশের ক্রিকেটারদের কুসংস্কার বলতে এই একটাই—নির্দিষ্ট পোশাক পরে খেলতে নামা।মুশফিকুর রহিম যেমন। খেলার দিন যেমন করেই হোক কই মাছ দিয়ে ভাত খাওয়ার ‘কুসংস্কার’টাকে সংস্কার বানিয়ে ফেলেছেন। তবু পোশাকের ব্যাপারটাই বললেন আগে, ‘অন্য কিছু না। শুধু ব্যাটিংয়ের জন্য নির্দিষ্ট সেট কাপড় আলাদা করে রাখি। এক জোড়া মোজা আর টি-শার্ট ঠিক করা আছে যেগুলো পরে ব্যাটিংয়ে নামি।’ কিন্তু কেন? পোশাকের ব্যাপারে এই বাড়তি সতর্কতার কী কারণ? মুশফিকুর নিজেও জানেন না।তবে মাশরাফি জানেন কেন তাঁর পোশাকপ্রীতি। হাবিবুল বাশারের মতো মাশরাফি বিন মুর্তজাও খেলার ব্যাপারে কুসংস্কারের ‘বিগ বস’ এবং বাছাই করে পোশাক পরার ব্যাপারটা তাঁর মধ্যেও প্রবলভাবে আছে। তবে সব পোশাক না, শুধু অন্তর্বাস! ‘আমার কুসংস্কার হলো জাঙ্গিয়া। কয়েকটা জাঙ্গিয়া ঠিক করা আছে, যেগুলো শুধু বোলিং করার সময় পরি। এগুলো পরে বল করলে স্বচ্ছন্দ বোধ করি, সে জন্যই...।’ মাশরাফির ‘নিয়ম’ মানা এখানেই শেষ না। বল করতে গিয়ে সব সময় চেষ্টা করেন, পপিং ক্রিজের ভেতরে দুইটা পা-ই রাখতে। ব্যাটিংয়ের সময় রান নিতে দৌড়টাও শুরু করেন ক্রিজের একটা নির্দিষ্ট জায়গায় ব্যাট ছুঁইয়ে, ‘পপিং ক্রিজের কোনায় যেখানে দুইটা দাগ কাটাকাটি হয়, সে জায়গায় ব্যাট রেখে দাঁড়াই। আর দৌড় দেওয়ার সময় ব্যাটে একটু পা ছুঁয়ে দিই।’শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েসও নির্দিষ্ট পোশাক পরেই ব্যাটিং করেন সব সময়। শাহরিয়ারের মধ্যে আরও একটা ব্যাপার ছিল আগে। কখনো হাফ হাতা টি-শার্ট পরে ব্যাটিং করতেন না। কিন্তু ফুলহাতা টি-শার্টের হাতা গুটিয়ে ব্যাটিং করা ঝক্কির কাজ বলে এখন হাফ হাতা পরেই ব্যাটিং করেন। তবে ছাড়তে পারেননি পুরোনো একটা অভ্যাস। ম্যাচের দিন সকালে কখনোই ডিম খান না শাহরিয়ার। ডিম খেয়ে ডিম পাড়তে কে চায়?ক্রিকেটের বাইরে আইফোন আর আধুনিক সব প্রযুক্তি নিয়ে কায়কারবার তামিম ইকবালের। কুসংস্কার তাঁকে স্পর্শ করবে কীভাবে! তার পরও খেলার বেলায় চট্টগ্রামের এই ক্রিকেটারটিরও আছে নিয়ম মানার ব্যাপার। ঘরোয়া ক্রিকেটই হোক আর আন্তর্জাতিক, দেশের মাটিতে খেলা হলে তামিমের সৌজন্যে গ্রাউন্ডসম্যানদের পোয়াবারো। ভালো ইনিংস খেললে যে মাঠে খেলা সে মাঠের সব গ্রাউন্ডসম্যানকে এক বেলা ভরপেট খাইয়ে দেন। তামিম যতই ‘না না’ বলুন, কুসংস্কারের মতো অন্য একটা ব্যাপার তাঁর মধ্যেও আছে। খেলার দিন কখনোই সকাল বেলা নাশতা করেন না। ছোটবেলা থেকেই নাকি এই অভ্যাস, ‘কেন জানি মনে হয় নাশতা না করে খেললে ভালো খেলব। ভালো খেলিও। ছোটবেলা থেকে এই করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। খেলার দিন নাশতা খেতেই পারি না।’তামিম নাশতাই খান না, আর শাহাদাত হোসেনের হলো উল্টো। তাঁর চাই বাসা থেকে আনা খাবার। ঢাকায় খেলা হলে ম্যাচের আগে ঘরের খাবার খেতে পছন্দ এই ফাস্ট বোলারের। কেন কে জানে! ‘কুসংস্কার কেন সংস্কার’ প্রয়োজনে এফডিসির কোনো সিনেমার নাম হতে পারে, প্রশ্ন কখনোই নয়। যে ‘প্রশ্নের’ উত্তর নেই, সে প্রশ্ন করেই বা কী লাভ!