তাহাদের সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেরই নানা রকম সংস্কার থাকে, খেলোয়াড়দের বোধ হয় আরও বেশি। ম্যাচের আগে অবশ্যপালনীয় বলে মেনে নেওয়া বাংলাদেশের ফুটবলারদের এমন কিছু সংস্কারের কথা জানাচ্ছেন মাসুদ আলমদুই হাতের কব্জিতে দুই ঘড়ি, আঙুলের ডগায় জপমালা। কেতাদুরস্ত পোশাক—ধূসর রঙের স্যুট। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলে ডিয়েগো ম্যারাডোনাকে এভাবেই দেখা গেছে। এটাকে কেউ তাঁর সংস্কার বলতে পারেন, কেউ হয়তো বলবেন, ম্যারাডোনা কী আর অত কিছু ভেবে এসব পরেছেন! যে যা-ই ভাবুন, ভালো ফল লাভের আশায় যে ম্যারাডোনার এই বেশভূষা ছিল, তাতে আর সন্দেহ কী!সার্জিও গয়কোচিয়া পেনাল্টি শ্যুট আউটের আগে গোলপোস্টের কাছে গিয়ে প্রস্রাব করে দিতেন; যেন পেনাল্টি ঠেকিয়ে দিতে পারেন! ১৯৯০ বিশ্বকাপে গোটা কয়েক পেনাল্টি ঠেকিয়েছেনও আর্জেন্টিনার এই গোলরক্ষক। বিশ্বজুড়েই খেলোয়াড়দের এমন নানা সংস্কার দেখা যায়। মজার ব্যপার হলো, এসব বেশির ভাগ সময়েই দৃশ্যমান হয় না। বাংলাদেশের ফুটবলারদের ক্ষেত্রে এটা আরও অদৃশ্য।জাতীয় দলের অধিনায়ক আমিনুল হকের যেমন মাঠে আসার সময় রাস্তায় একটা শালিক দেখলে মনে হয়, আজ বুঝি অমঙ্গল কিছু হয়ে গেল! দুটি শালিক দেখা মানে ‘শুভযাত্রা’। আর তাই জোড়া-শালিক না দেখা পর্যন্ত স্বস্তি পান না আমিনুল, ‘যতক্ষণ আরেকটা শালিক না দেখি মনের মধ্যে খচখচানি থেকেই যায়!’ অমঙ্গলের নিশান ‘এক শালিক’ দেখার আতঙ্কে ভোগার লোক অবশ্য খুঁজলে আরও পাওয়া যাবে।সেই লোক খোঁজার দরকার নেই, হাতের কাছে ওয়ালি ফয়সাল থাকলে আর কাউকে লাগে! জাতীয় দলের এই ডিফেন্ডারকে ছোটবেলা থেকে লালন-পালন করেছেন যে নানি, ম্যাচের আগে তাঁর সঙ্গে কথা না বললে, দোয়া নেওয়া না হলে নারায়ণগঞ্জ থেকে উঠে আসা সদ্য বিবাহিত তরুণের মনে আশঙ্কা জমে, ‘আজ মাঠে কী যেন হয়!’বাংলাদেশের ফুটবলে এখন যেসব তরুণ প্রচারের আলোয়, তাঁদের সবার ওপরে থাকা জাহিদ হাসান এমিলির সংস্কারটা আবার অন্য রকম। মাঠে যাওয়ার আগে যখন জার্সিটা হাতে নেন পরার জন্য, মনে মনে সূরা পাঠ করেন। কেন সূরা পড়েন, তা কি আর বলার দরকার আছে? ‘আমার এই অভ্যাসটাকে চাইলে সংস্কারও বলতে পারেন। এটা করার পর মনে জোর পাই, পা দুটোই ঠিকভাবে কাজ করবে—এমন বিশ্বাস জন্মে’—বলছিলেন জাতীয় দলের স্ট্রাইকার।মাঠে ডান পা দিয়ে ঢোকা, কোনো বিশেষ জার্সি-বুটকে সৌভাগ্যের প্রতীক ভেবে সেগুলোই বারবার পরা ফুটবলারদের চিরন্তন অভ্যাসই। যেমন আমিনুল গত সুপার কাপে ভালো খেলেছেন একই জার্সি পরে, এবার এনামুল একই বুট পরে বেশির ভাগ ম্যাচই খেলেছেন গোল পাওয়ার আশায়। ম্যাচের আগে চাপমুক্ত থাকলে নিজেকে কোনো কাজে সম্পৃক্ত রাখার অভ্যাস হয়ে গেছে এমিলির। তাঁর সিনিয়র স্ট্রাইকার আলফাজ আহমেদ কী করেন জানেন? ভালো খেলার দাওয়াই হিসেবে ম্যারাডোনার মতো তসবিহ হাতে তুলে নেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। এ কাজটা আলফাজ করেন ছয়-সাত বছর ধরে। ‘এটা আমার মা করতে বলেছেন। বুঝতেই পারছেন, মায়ের কথা পালন করতে হয়। এটা করলে মাঠে ভালো খেলব, এমন বিশ্বাস হয়ে গেছে। আরেকটা সংস্কার আছে আমার। ২০০৭ সাল থেকে আমি কিন্তু একই অন্তর্বাস পরে ম্যাচে খেলি। ওটা শুধু ম্যাচের জন্যই!’বিপ্লব ভট্টাচার্যের তেমন সংস্কার না থাকলেও তিনি যেটা করেন, সেটিও কিন্তু বেশ উল্লেখযোগ্য। এমনিতে ম্যাচের আগে বিপ্লবের বাসায় পূজা দেওয়া, মন্দিরে যাওয়ার অভ্যাসটা ক্যারিয়ারের শুরু থেকেই। ধর্মীয় রীতিনীতি পালনে বরাবরই একনিষ্ঠ এই গোলরক্ষক কিন্তু পীর-আউলিয়ার মাজারেও যান। ‘আমি হাইকোর্টের মাজারে যাই, মাজার জিয়ারত করি। একটা সময় আমি আর পার্থ দা (আবাহনীর সাবেক খেলোয়াড়) মিলে পুরান ঢাকার শাঁখারী বাজারের কালীমন্দিরে যেতাম। এখন বাসার কাছে রায়ের বাজার মন্দিরে যাই। আমার একটা বিশ্বাস আছে, সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করলে ভালো খেলব’—বলছিলেন বিপ্লব।খোঁজখবর নিতে নিতে ফুটবলারদের সংস্কারবিষয়ক আরও অনেক কিছু জানা গেল। হাসান আল মামুন ম্যাচের দুুপুর বেলা কম খান। তাঁর নিজের ভাষায়, ‘চেষ্টা করি স্টোমাক খালি রাখতে।’ এরপর একটা গোপন খবরই দিলেন, ‘আমার এক রুমমেটকে দেখতাম, কী একটা শিশি বের করে গায়ে তেল মালিশ করছে ম্যাচের আগে। পরে জানলাম, ওটা হুজুরের পড়ে দেওয়া তেল। গায়ে মাখলে নাকি ইনজুরি হতো না!’ মামুন কিছুতেই ওই ‘রুমমেটে’র নাম বলবেন না। কিন্তু নাম কী আর গোপন থাকে? গায়ে তেল মালিশ করা ওই খেলোয়াড়টি সাবেক ফুটবলার মামুন জোয়ার্দার। দেশের ফুটবল ছেড়ে এখন যিনি কানাডাপ্রবাসী। সংস্কারের দিক থেকে শফিকুল ইসলাম মানিকের চেয়ে এগিয়ে বাংলাদেশের ফুটবলে বোধহয় আর কেউ নেই! মানিকের মুখেই শুনুন, ‘মুক্তিযোদ্ধার কোচ থাকার সময় জাতীয় লিগের শুরুতে খয়েরি রঙের শার্ট-প্যান্ট পরে মাঠে এসে ভালো ফল পাই। এরপর ওই পোশাক পরেই গোটা জাতীয় লিগ পার করেছি। মানে প্রতি ম্যাচেই ওই ড্রেস থাকত গায়ে। বিশ্বাস জম্মেছিল, ড্রেসটা সৌভাগ্য আনছে আমার জন্য। কী আশ্চর্য, জাতীয় লিগ সেবার জিতেও ছিলাম। এরপর নতুন মৌসুমে ফেডারেশন কাপও জিতেছি ওই ড্রেস পরে!’ভালো খেলার জন্য কতজন কত কী যে করত! গোলাম সারোয়ার টিপু তেমনই একজন। একই বুট পরে পুরো মৌসুম কাটানোর পাশাপাশি যাঁর সংস্কার ছিল নিজের জার্সি-টার্সিগুলো বাসায় এনে বুয়ার হাতে না ছেড়ে মাকে দিয়ে ধোয়াতেন। মা ধুলে নাকি ওতে আশীর্বাদের ছোঁয়া থাকবে। ‘এটা আমার বাবাই বলতেন। আর সেভাবেই সব সময় আমার জার্সি-টার্সিগুলো সব মা ধুতেন।’ সাবেক ফুবলারদের নিয়ে আরও অনেক গল্প আছে। টিপুরই সাবেক সতীর্থ এনায়েত হোসেন নাকি প্রতিদিন একই পাঞ্জাবি, স্যান্ডেল পরে ক্লাবে আসতেন। বড় ম্যাচের আগে চাপ কমাতে শেখ মোহাম্মদ আসলাম ধানমন্ডি লেকে মাছ ধরতেন। ‘মাছ ধরলে নিজেকে হালকা লাগত। এটা না করলে ভালোই লাগত না!’ মুন্নাকে দেখতাম ম্যাচের সময় সারাক্ষণ আমাকে বলত, ‘বড় ভাই, একটা গোল কর...বড় ভাই একটা গোল কর...।’ টুটুল (দেওয়ান শফিউল আরেফিন টুটুল) ভাইকে দেখতাম, ক্লাব থেকে বেরোনোর সময় একটা ইটের টুকরো পায়ের নিচে পড়লেও আবার পেছনে গিয়ে ওটা ডিঙিয়ে আসতেন। পায়ে লাগা মানে যে অমঙ্গল!’ নিজের এবং আরও অনেকের সংস্কারের গল্প শোনালেন আসলাম। এই মঙ্গল-অমঙ্গের বিষয়টা ভাবাত বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা কাজী সালাউদ্দিনকেও। ‘আমি জার্সি-বুট সব পরার পর সব শেষে পরতাম শর্টস।’ব্যক্তিগত সংস্কারের পাশাপাশি দলীয় সংস্কারও আছে। গত মৌসুমের প্রথম দিকে মোহামেডানের দু-তিনজন খেলোয়াড় এনার্জি ড্রিংকস খেয়ে মাঠে নেমে ভালো খেলেছেন। পরে এটা ছড়িয়ে পড়ে গোটা দলেই।কত সংস্কার। বেশির ভাগেরই হয়তো যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা নেই। কিন্তু সংস্কারের আবার যুক্তি কী!