‘তাহারেই পড়ে মনে... ভুলিতে পারি না কোন মতে...’ কবি সুফিয়া কামালের লেখা এ দুটি চরণ যেন বাজছিল সবার মনেই। কবির প্রতিকৃতির সামনে জ্বলজ্বল করছিল মাটির প্রদীপগুলো। গোলাপের পাপড়ির আঙিনায় তখন মহীয়সী জননী সাহসিকা কবি সুফিয়া কামাল। ২০ জুন বিয়াম মিলনায়তনে কবি সুফিয়া কামালের ৯৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজন করে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠানের। এতে শুরুতে ফুলে ফুলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত সবাই। সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে যাঁর কণ্ঠ ছিল সর্বদা সোচ্চার, মানবতার জন্য কাজ করেছেন যিনি আমৃত্যু, তিনি আর কেউ নন, জননী সাহসিকা কবি সুফিয়া কামাল। বেগম রোকেয়ার নারী ক্ষমতায়নের স্বপ্নপূরণের লক্ষ্যে তিনি গড়ে তুলেছেন নারী আন্দোলনের, যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল পুরো উপমহাদেশে। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হয়ে তিনি আমৃত্যু নারীমুক্তির জন্য কাজ করে গেছেন। এই ছিল ‘উপমহাদেশের নারী আন্দোলন ও সুফিয়া কামাল শীর্ষক’ স্মারক বক্তৃতার বিষয়বস্তু। স্মারক বক্তব্য দেন প্রাবন্ধিক মফিদুল হক। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সম্মাননা পদক ২০১০ ঘোষণা করেন। সম্মাননা পদক দেওয়া হয় শিল্পী কাইয়ুম চৌধুরীকে। তাঁর পরিচিতি সবার কাছে তুলে ধরেন সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। এ সময় শিল্পীর সহধর্মিণীও তাঁর পাশে ছিলেন। শিল্পী কাইয়ুম চৌধুরী ‘কবি সুফিয়া কামাল সম্মাননা পদক ২০১০’ লাভ করায় নিজের অনুভূতি প্রকাশ করেন এবং সুফিয়া কামালের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।