পূজামণ্ডপে মারধরের ঘটনায় আজ শনিবার একজন উপপরিদর্শক (এসআই) ও পাঁচজন পুলিশ কনস্টেবলকে তাহিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের সুনামগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের খলাহাটি পূজামণ্ডপে গত বৃহস্পতিবার রাতে ওই মারধরের ঘটনা ঘটে। তাহিরপুর থানা থেকে প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন: উপপরিদর্শক খলিলুর রহমান, কনস্টেবল রাশিদুল, হাবিব, সিরাজ, খোরশেদ ও মানিক। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে পূজামণ্ডপে পুলিশের মারধরে ১৬ জন নারী-পুরুষ আহত হন। গতকাল শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী, পূজা কমিটি, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের কাছ থেকে তাঁরা ঘটনার বিবরণ শোনেন। পরে আজ তাহিরপুর থানা থেকে উপপরিদর্শক ও পাঁচজন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।