তাহিরপুর প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রে জনবল-সংকট
শূন্যপদ ও প্রেষণে অন্যত্র দায়িত্ব পালনের কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রের (পশু হাসপাতাল) চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ চারজন এখান থেকে বেতনভাতা উত্তোলন করলেও প্রেষণে অন্যত্র দায়িত্ব পালন করছেন। এক যুগের বেশি সময় ধরে জনবল-সংকটের এ অবস্থা চললেও এর সুরাহা হচ্ছে না।এ ছাড়া লোকবল-সংকটের কারণে উপজেলার একমাত্র উপস্বাস্থ্যকেন্দ্র বাদাঘাট বন্ধ রয়েছে। এ অবস্থায় দুর্গম ৩৩৭ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলার পশুপাখির চিকিৎসায় অফিস সহকারী ও এমএলএসএসকে দায়িত্ব পালন করতে দেখা যায়। বর্তমানে গবাদিপশুর অ্যানথ্রাক্সের প্রতিষেধকের (টিকা) ব্যাপক চাহিদা থাকলেও সরবরাহ খুবই কম।তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার মঈনুল হুদা বলেন, জনবল-সংকট দূর করতে প্রেষণ আদেশ বাতিল এবং শূন্যপদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো কাজ হচ্ছে না। অ্যানথ্রাক্সের প্রতিষেধকের (টিকা) সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘১০টি চাহিদার বিপরীতে প্রতিষেধকের সরবরাহ পাচ্ছি একটি।’উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রের অফিস সহকারী জাহাঙ্গীর আলম জানান, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রে ১১টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ভেটেরিনারি সার্জন, অফিস সহকারী ও এমএলএসএস। প্রাণিসম্পদ কর্মকর্তাসহ চারটি পদ শূন্য রয়েছে এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ চারজন রয়েছে প্রেষণে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদটি ২০০৬ সাল থেকে শূন্য রয়েছে। ভেটেরিনারি মাঠ সহকারী (ভিএফএ) তিনটির মধ্যে দুটি শূন্য । ১৯৯৬ সাল থেকে শূন্য রয়েছে ড্রেসারের একমাত্র পদটি। সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ২০০২ সাল থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেষণে রয়েছেন। একমাত্র পদ ভেটেরিনারি মাঠ সহকারী (প্রজনন) ২০০০ সাল থেকে প্রেষণে কর্মরত রয়েছেন। কয়েক বছর তিনি সুনামগঞ্জের পাগলায় থাকলেও বর্তমানে আছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রে।২০০৩ সালে পুরোনো ছোট অফিস ছেড়ে সুন্দর দ্বিতল ভবনে কেন্দ্রটি স্থানান্তরিত হলে উপজেলাবাসী মনে করেছিল, তাদের প্রাণিসম্পদের চিকিৎসার সুবিধা বাড়বে, দূর হবে জনবল-সংকট। কিন্ত কাঙ্ক্ষিত সুবিধা না পেয়ে হতাশ হয়েছে তারা। তাহিরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, কৃষিনির্ভর এ উপজেলায় কৃষক পরিবারগুলো সঙ্গে গবাদিপশু নিবিড়ভাবে জড়িত। কিন্তু জনবল-সংকটের কারণে প্রাণিসম্পদকেন্দ্রটি পশুপাখি পালনে কৃষকদের উদ্বুদ্ধ করা দূরে থাক, সঠিক চিকিৎসা কার্যক্রমই চালাতে পারছে না।উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বলেন, লোকবল-সংকটের কারণে ইউনিয়নে গবাদিপশুর কিছু হলে অফিস সহকারী ও এমএলএসএসই ভরসা। বাদাঘাট ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন বলেন, ‘আমাদের ইউনিয়নে গবাদিপশুর রোগবালাই হলে স্থানীয় ভেটেরিনারি পল্লিচিকিৎসকই ভরসা।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তাহের আহমেদ বলেন, ‘প্রেষণাদেশ বাতিল এবং শূন্যপদ পূরণের জন্য আমরা নিয়মিতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি।’ অ্যানথ্রাক্স প্রতিষেধকের (টিকা) সংকটের বিষয়ে তিনি বলেন, যেখানে প্রাদুর্ভাব দেখা দেবে, ওই স্থানের আশপাশের সব গবাদিপশুকে টিকা দেওয়া হবে। সুনামগঞ্জ জেলায় এ রোগ ছড়ায়নি, তাই সব গবাদিপশুকে টিকা দেওয়ারও প্রয়োজন নেই।