তাহিরপুরে সাব-রেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে দলিললেখকদের কর্মবিরতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে উপজেলার দলিললেখকেরা কর্মবিরতি পালন করছেন। ৬ জুলাই থেকে এ কর্মবিরতি চলছে। এতে বন্ধ হয়ে গেছে উপজেলার সব ধরনের দলিল রেজিস্ট্রেশন।১৪ জুলাই উপজেলা দলিললেখক সমিতি জেলা রেজিস্ট্রার বরাবর আবেদন করেছে বর্তমান সাব-রেজিস্ট্রারের অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০ বছর ধরে তাহিরপুর উপজেলায় কোনো সাব-রেজিস্ট্রার নেই। পার্শ্ববর্তী উপজেলায় কর্মরত সাব-রেজিস্ট্রাররা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাহিরপুর উপজেলায় সপ্তাহে সোম ও মঙ্গলবার ভূমি রেজিস্ট্রেশন করেন। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করছেন জামালগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মজিবুর রহমান। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এমনিতেই সপ্তাহের দুদিন চলে জমির রেজিস্ট্রেশন, আর বর্তমানে এ সংকটের কারণে বেকায়দায় পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। অনিয়মের প্রতিবাদ করায় দলিললেখকদের বরখাস্তের হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা।তাহিরপুর দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বলেন, ‘অনিয়মের তদন্তের দাবিতে আমরা দলিল করা বন্ধ রেখেছি।’ এলাকাবাসী প্রদীপ কুমার দে জানান, এক মাস আগে তাঁর স্ত্রী কৃষ্ণা দের নামে একটি জায়গা রেজিস্ট্রি হলেও সাব-রেজিস্ট্রার তাঁকে দলিলের নকল ও রশিদ দিচ্ছেন না। ঘুষের টাকার জন্যই তিনি এমন করছেন। সমীরণ রায় বলেন, ঘুষের জন্য সাব-রেজিস্ট্রার তাঁর দলিলের নকল ও রশিদ সপ্তাহখানেক আটকে রাখার পর নানাভাবে সুপারিশ করে তিনি তা আদায় করেছেন।উপজেলার ব্রাক্ষণগাঁওয়ের আবদুস ছালাম বলেন, ‘গত ৩১ মে আমি অসুস্থ চাচাকে নিয়ে এসেছিলাম ২৭ হাজার টাকার একটি ভূমি রেজিস্ট্রি করার জন্য। অফিসের বারান্দায় এসে দলিলটি সম্পাদনের কথা বললে স্যারের দাবিকৃত পাঁচ হাজার টাকা না দিতে পারায় তিনি আমাদের কথা রাখেননি। এর কয়েক দিন পরেই আমার চাচা মারা যান।’এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার মুজিবুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দলিললেখকদের অভিযোগ সত্য নয়। তিনি আরও বলেন, ‘বিয়ানীবাজারের ইউএনও সাহেবের অনুরোধে কৃষ্ণা দের দলিল আমি করে দিয়েছি কোনো টাকা ছাড়াই।’ দলিলের নকল ও রশিদ কেন দিচ্ছেন না এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কৃষ্ণা দে লোকজনের কাছে বলেছেন, আমাকে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন, এ কথাটি মিথ্যা প্রমাণের জন্য এগুলো আটকে রেখেছি।