তাহিরের বিষণ্ন জন্মদিন
কী থেকে কী হয়ে গেল! ৩২তম জন্মদিনটা হতে পারত ইমরান তাহিরের জীবনের সবচেয়ে আনন্দময় জন্মদিন। অথচ এই জন্মদিনটাই কিনা হয়ে গেল এমন বিষাদময়!আজ ৩২ পূর্ণ করছেন তাহির। নিঃসন্দেহে জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সময় কাটিয়েছেন গত চার সপ্তাহে। অভিষেকের আগে থেকেই ক্রিকেট বিশ্বে মোটামুটি আলোড়ন, বিশ্বকাপ আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই ৪ উইকেট, ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচে টানা উইকেট, দুর্দান্ত গতিতে ছুটতে থাকা দল...সব মিলিয়ে তাহির যেন ছিলেন স্বপ্নযাত্রায়। নিশ্চয়ই মনে হচ্ছিল, আন্তর্জাতিক ক্রিকেট কতই না সহজ!বাস্তবতার মাটিতে নেমে আসতে খুব বেশি সময় লাগেনি। অবসান হয়নি বিশ্বকাপের সঙ্গে দক্ষিণ আফ্রিকার চিরবৈরিতার। যে ম্যাচটিকে মনে করা হচ্ছিল কোয়ার্টার ফাইনালের সবচেয়ে সহজ ম্যাচ, সেই ম্যাচটা কত সহজেই না হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। ‘শুভ’ হলো না তাহিরের জন্মদিন!এত বড় কষ্ট উপহার দিলেও বিশ্বকাপ কিন্তু মনে রাখার মতো স্মৃতিও উপহার দিয়েছে তাহিরকে। খুব বড় কিছু হয়তো নয়, কিন্তু গর্ব করার মতো এক রেকর্ড গড়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, এমন ক্রিকেটারদের মধ্যে অভিষেক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। যাঁর রেকর্ড ভেঙেছেন, তাঁর নাম শুনলে নিশ্চিতভাবেই গর্বটা আরও অনেক বেড়ে যাবে তাহিরের। আশির দশকে লেগ স্পিনের চরম দুর্দিনে ক্রিকেটের সবচেয়ে রহস্যময়ী এই শিল্পের মশাল প্রায় এক হাতে বয়ে নিয়েছেন যিনি, যিনি ওয়ার্ন-মুশতাকদের প্রেরণা, সেই আবদুল কাদির।টেস্ট অভিষেকের সাড়ে পাঁচ বছর পর ১৯৮৩ বিশ্বকাপে ওয়ানডে অভিষেক কাদিরের, বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাহিরের মতো তিনিও অভিষেকে পেয়েছিলেন ৪ উইকেট। উইকেটশূন্য পরের ম্যাচের পর তৃতীয় ম্যাচেই ৫ উইকেট। পরের ৩ ম্যাচে আরও ৩, সব মিলিয়ে ৬ ম্যাচে কাদিরের ১২ উইকেটই ছিল রেকর্ড। কাদিরকে ছুঁয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই, পরশু ২ উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন। সব মিলে তাহিরের ১৪ উইকেট—কাদিরের চেয়ে এক ম্যাচ কম খেলেই।রেকর্ড হাতছাড়া হলে কারও আসলে ঠিক ভালো লাগে না। কাদির তবুও হয়তো এটা ভেবে অন্তত একটা স্বস্তি পাবেন, রেকর্ডটা ভেঙেছে কোনো এক লেগ স্পিনার! শুধু তাহিরই বা কেন, কাদিরকে স্বস্তি দেওয়ার জন্য আছেন শহীদ আফ্রিদিও। এখনো পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি পাকিস্তান অধিনায়কও তো লেগ স্পিনার। আফ্রিদি অবশ্য কখনোই কাদিরদের ঠিকমতো প্রথাগত লেগ স্পিনার ছিলেন না। মিডিয়াম পেসারদের গতির ‘কুইকার’ ডেলিভারিটা এখনো আছে, তবে গত দুই-এক বছরে আফ্রিদি অনেকটাই প্রথাগত হওয়ার চেষ্টা করেছেন। ফ্লাইট, লুপ তুলনামূলকভাবে অনেক বেশি থাকে এখন। হয়তো সেটার পুরস্কারই পাচ্ছেন।নজর কেড়েছেন বালাজি রাও, দেবেন্দ্র বিশুরাও। কানাডার বালাজির টপ স্পিন দুর্বোধ্য ঠেকেছে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক প্রতিষ্ঠিত ব্যাটসম্যানেরও। ডোয়াইন ব্রাভোর চোটে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন বিশু। লেগ স্পিনের পুনর্জাগরণের জন্য উপমহাদেশের সর্বশেষ বিশ্বকাপের (১৯৯৬) মাসকটের নাম ছিল ‘গুগলি’। কিন্তু সত্যি বলতে লেগ স্পিনের জাগরণ তো হলো এবারই!তাহিরের মাথায় অবশ্য এত কিছু থাকার কথা নয়। নিজের রেকর্ড আর দলের পরাজয় মিলিয়ে আনন্দ-বেদনার একটা অদ্ভুত অনুভূতি তো থাকবেই। তবে এর চেয়েও বেশি থাকবে হয়তো স্বস্তি। তাঁকে নিয়ে এমন আলোড়ন বা প্রত্যাশাকে এমন উঁচু তারে বেঁধে দেওয়া যে ভুল কিছু নয়, সেটা অন্তত প্রমাণ করতে পেরেছেন। আরেকটি হতাশার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সান্ত্বনা বা প্রাপ্তি হয়তো এটাই—অবশেষে টেস্টের জন্য একজন আক্রমণাত্মক স্পিনার পাওয়া গেল!