তাহের হত্যা মামলা: দুজনের মৃত্যুদণ্ড বহাল, দুজনের যাবজ্জীবন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদকে হত্যার মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর দুই আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি গ্রহণ শেষে আজ রোববার বিকেলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন তাহেরের একসময়ের ছাত্র ও পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর। আর যাবজ্জীবন সাজা পাওয়া অন্য দুই আসামি হলেন জাহাঙ্গীরের ভাই শিবিরের কর্মী আবদুস সালাম এবং সালামের আত্মীয় নাজমুল।এই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি গ্রহণ শেষে ১৫ এপ্রিল থেকে রায় দেওয়া শুরু করেন আদালত। আজ বিকেল রায় দেওয়া শেষ হয়। ২০০৮ সালের ২২ মে বিচারিক আদালত এক রায়ে তাহের হত্যার মামলায় একই বিভাগের এক শিক্ষকসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে হত্যা মামলার ছয় আসামির মধ্যে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাস পাওয়া দুজন হলেন ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম সালেহী ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দীন মুন্সী।আদালত সূত্র জানায়, এরপর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। এ ছাড়া দণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিরা ২০০৮ ও ২০০৯ সালে আপিল করেন। আপিলের ওপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম নাজমুল হক। মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে আইনজীবী আনিসুল হক ও এস এম শাহজাহান শুনানি করেন। অপর দুই আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেনারেল মো. খুরশীদুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীরের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। অপর দুই আসামির মৃত্যুদণ্ড বাতিল করে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।