তাহেরপুত্র বিপ্লব কারাগারের বাইরে চিকিৎসকের কক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ছেলে সাজাপ্রাপ্ত কয়েদি এ এইচ এম বিপ্লবকে কারাগারের বাইরে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের একটি কক্ষে রাখা হয়েছে। ঈদুল আজহার আগে গত ২৫ অক্টোবর বিকেলে জেলা কারাগার থেকে তাঁকে ওই হাসপাতালে পাঠানো হয়। তাঁর অসুস্থতা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের মৃত্যুদণ্ড হয়। গত বছরের জুলাই মাসে রাষ্ট্রপতি তাঁর এই মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করেন। আরও দুটি মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়। রাষ্ট্রপতি এই দুটি মামলার সাজাও আংশিক মাফ করেন। এখন তাঁকে ১০ বছর সাজা খাটতে হবে। তাঁর কয়েদি নম্বর ২০০৯/এ (লক্ষ্মীপুর)। আদালত সূত্র জানায়, লক্ষ্মীপুরের যুবদলের কর্মী কামাল হোসেন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই খুনের ঘটনায় আবু তাহের ও তাঁর দুই ছেলেসহ আওয়ামী লীগের ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২০০১ সালের ২৫ অক্টোবর মামলা হয়। ২০০৪ সালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিপ্লবের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই মামলায় তাঁর ভাই সালাহউদ্দিন ওরফে টিপু ও ছাত্রলীগের একজন নেতাকেও দণ্ড দেন আদালত। কী ধরনের অসুস্থতা নিয়ে বিপ্লব হাসপাতালে ভর্তি হয়েছেন, জানতে চাইলে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিপ্লবকে কারাগার কর্তৃপক্ষ ২৫ অক্টোবর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আসলে তাঁর (বিপ্লব) কী রোগ হয়েছে, সেটা আমার জানা নেই। বিষয়টি কারাগার কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।’ এক প্রশ্নের জবাবে আরএমও স্বীকার করেন, বিপ্লবকে হাসপাতালের চিকিৎসকদের থাকার একটি কক্ষে রাখা হয়েছে। এর বেশি কিছু জানাতে রাজি হননি নিজামউদ্দিন। বিপ্লবের অসুস্থতা সম্পর্কে জানতে লক্ষ্মীপুর জেলা কারাগারের অধ্যক্ষ (জেলার) আকতার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘পত্রিকার সঙ্গে আমি কোনো কথা বলব না।’ এরপর বারবার চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে এ বিষয়ে জানতে এই প্রতিবেদক কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) মো. ফজলুর রহমানের শরণাপন্ন হন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই কয়েদিকে কেন হাসপাতালে পাঠানো হয়েছে, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কারাগারে আমি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি। লক্ষ্মীপুর কারা তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষ—তাঁদের কেউ আমার ফোন ধরছেন না। আমিও তো কোনো তথ্য পাচ্ছি না।’ স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, ঈদুল আজহার দুই দিন আগে ২৫ অক্টোবর বিকেলে জেনারেল হাসপাতালে চিকিৎসকদের একটি কক্ষে বিপ্লবকে রাখা হয়। একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন, দিনের বেলায় ওই কক্ষের বাইরে পুলিশি পাহারা থাকে। তবে রাতে সেখানে দলীয় চিহ্নিত নেতা-কর্মীরা ভিড় জমান। আড্ডা চলে ঘণ্টার পর ঘণ্টা। ঠিকাদারদের একটি সূত্র জানায়, লক্ষ্মীপুরের বিভিন্ন উন্নয়নকাজের দরপত্রে অংশগ্রহণ নিয়েও বিপ্লবের সঙ্গে লোকজন আলোচনায় বসছে। তারা ফলমূল নিয়ে সেখানে হাজির হচ্ছে।জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিপ্লব কারাগার ও হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে আছেন বলে শুনেছি। তবে তাঁর পরিবার থেকে আমাদের আসলে কিছু জানানো হয় না। বিপ্লব কোনো রোগে আক্রান্ত কি না, সে সম্পর্কেও কেউ আমাদের কিছু জানায়নি।’ তিনি বলেন, ‘তবে হাসপাতালে কেউ ভর্তি হলে লোকজন তো তার সঙ্গে দেখা করতেই পারে।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগীর মিয়া জানান, লক্ষ্মীপুরের দুটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় আসামি এ এইচ এম বিপ্লবের। রাষ্ট্রপতি তাঁর দণ্ড মওকুফ করে তা ১০ বছর নির্ধারণ করেন। এই দুটি মামলায় বিপ্লব গত বছরের ৭ এপ্রিল থেকে সাজা ভোগ করছেন। তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা বিচারাধীন, যার নম্বর ১০৮/২০০২।