তাহেরপুত্র বিপ্লবকে কারাগারে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের সাজাপ্রাপ্ত ছেলে এ এইচ এম বিপ্লবকে সদর হাসপাতালের চিকিৎসকের কক্ষ থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল রোববার সকালে তাঁকে সরিয়ে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। তবে তাঁকে সরিয়ে নেওয়ার তারিখ নিয়ে লুকোচুরি করছে স্থানীয় প্রশাসন। ‘চিকিৎসকের কক্ষে ঠাঁই নিয়েছেন লক্ষ্মীপুরের তাহেরপুত্র বিপ্লব’ শিরোনামে গতকাল একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে আগের দিন শনিবার থেকে স্থানীয় কারাগার ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। শনিবার রাতেও লক্ষ্মীপুর কারাগার ও হাসপাতালে যোগাযোগ করে বিপ্লবের হাসপাতালে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্রগুলো জানায়, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর গতকাল সকালে বিপ্লবকে হাসপাতালের চিকিৎসকের কক্ষ থেকে কারাগারে সরিয়ে নেওয়া হয়। তবে নথিপত্রে তাঁকে সরিয়ে নেওয়ার তারিখ দেখানো হয়েছে আগের দিন শনিবার। জানতে চাইলে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন মো. আবদুল্লাহ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিপ্লব তো হাসপাতালে আছে বলে জানি।’ তাঁকে তো সরিয়ে নেওয়া হয়েছে—এ তথ্য জানালে সিভিল সার্জন বলেন, ‘আমি তা হলে হাসপাতালে একটু খোঁজ নিয়ে দেখি।’ পরে সিভিল সার্জন এই প্রতিবেদককে বলেন, ‘বিপ্লবকে তো শনিবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আমাকে একজন নার্স জানিয়েছেন।’ শনিবার রাত পর্যন্ত বিপ্লব তো হাসপাতালে ছিলেন, তা হলে কখন গেলেন—জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘শনিবার হলেও গেছে, রোববার হলেও গেছে। সে তো এখন হাসপাতালে নেই।’ সাজাপ্রাপ্ত কয়েদি বিপ্লবকে ঈদের দুই দিন আগে গত ২৫ অক্টোবর কারাগার থেকে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে দিনের বেলায় পুলিশি পাহারা ছিল। আর রাতের বেলায় আড্ডা বসানো হতো, যে আড্ডায় দলীয় লোকজন ও ঠিকাদারেরা উপস্থিত থাকতেন। চট্টগ্রাম অঞ্চলের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) মো. ফজলুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা কারাগারের কোনো কর্মকর্তাও কথা বলতে রাজি হননি। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের মৃত্যুদণ্ড হয়। গত বছরের জুলাই মাসে রাষ্ট্রপতি তাঁর এই মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করেন। আরও দুটি মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়। রাষ্ট্রপতি এই দুটি মামলার সাজাও আংশিক মাফ করেন। এখন তাঁকে ১০ বছর সাজা খাটতে হবে। তাঁর কয়েদি নম্বর ২০০৯/এ (লক্ষ্মীপুর)।