তাহেরপুত্রকে ক্ষমা রাষ্ট্রপতির ‘অসাধারণ ক্ষমা’
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘এ দেশের শতকরা এক ভাগ মানুষও রাজতন্ত্র চায় না। সুষ্ঠু নির্বাচন হতেই হবে। এটা গণতন্ত্র।’ তিনি লক্ষ্মীপুরের তাহেরপুত্রকে ক্ষমা করার বিষয়টি রাষ্ট্রপতির ‘অসাধারণ ক্ষমা’ বলে উল্লেখ করেন। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে বি. চৌধুরী এসব কথা বলেন।বি. চৌধুরী বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতিরাও রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখতে পারেননি। এ জন্য তাঁরা অন্তত আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার কথা বলেছেন।’ তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামীবার অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হতে হবে।’অনুষ্ঠানের আরেক অতিথি ড. কামাল হোসেন বলেন, শুধু নির্বাচনী প্রতীক দেখে ভোট দিলে হবে না, রাজনীতিবিদদের পদোন্নতিও দেওয়া যাবে না। প্রতীকের প্রতি ভোটারদের অন্ধভক্ত হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এই অন্ধভক্তির কারণে রাষ্ট্রের মালিক জনগণের ওপর সেবকেরা নির্যাতন চালিয়ে যাচ্ছেন।বি. চৌধুরী ও কামাল হোসেনের জাতীয় ঐক্যের ডাকের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্য-প্রবাসী কিছু ব্যক্তি এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। পোশাকশিল্পে সাম্প্রতিক দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় দুই নেতাই সরকারের বিশেষ করে শ্রম মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন। সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, ছাত্র, যুব, পেশাজীবী ও সত্ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সবকিছু করা সম্ভব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী আর অযোগ্য রাজনীতিবিদদের বর্জন করতে হবে। তিনি বলেন, ‘আমাদের আর আটকানো যাবে না—এই আওয়াজ তুলতে হবে।’ বি. চৌধুরী বলেন, ‘প্রতিটি কারখানায় আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে। সরকারকে এটা নিশ্চিত করতে হবে। যারা এ ব্যাপারে গাফিলতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনগণই ব্যবস্থা নেবে।’ সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন বলেন, রাজনীতি ভালো। তবে তা ফরমালিনমুক্ত হতে হবে। তিনি সবাইকে রাজনীতির প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘নানা ঘটনা ঘটে। তদন্ত হয়। কিন্তু বিচার হয় না। বিচার না হলে তদন্ত করার মানে কী!’ তিনি বলেন, এই সরকারের আর এক বছর বাকি আছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানসহ দুই দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ইসলামিক কমিউনিটি সেন্টারের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ অহিদ উদ্দিন।