তাহেরের গোপন বিচার ছিল আইনবহির্ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক আদালতের মাধ্যমে লে. কর্নেল এম এ তাহেরকে ফাঁসি দেওয়ার ঘটনা জাতির জন্য একটি লজ্জা। আইন ও বিধিবিধান এমনকি সংবিধান লঙ্ঘন করে তাহেরের বিচার কার্যক্রম পরিচালিত হয়েছিল। তাহেরকে আমরা তাঁর পরিবারের মাঝে আর ফিরিয়ে দিতে পারব না। কিন্তু ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। গতকাল বুধবার তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানিতে অ্যামিকাস কিউরিরা (আইনি সহায়তাকারী) এ অভিমত ব্যক্ত করেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলছে। সকালে শুনানিতে অংশ নিয়ে অ্যামিকাস কিউরি কামাল হোসেন বলেন, ‘১৯৭৬ সালে তাহেরকে জীবন দিতে হয়। সামরিক আদালতের মাধ্যমে তাহেরকে ফাঁসি দেওয়ার ঘটনা জাতির জন্য একটি লজ্জা। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি সর্বোচ্চ খেতাব অর্জন করেছেন। আমরা তাঁকে সম্মান দিচ্ছি এটা নয়, বরং তিনি নিজেই নিজের সম্মান অর্জন করেছেন। অথচ মুক্তিযুদ্ধের রক্তে ভেজা এই মাটিতেই বিচারের নামে তাঁকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহেরকে আমরা তাঁর পরিবারের মাঝে আর ফিরিয়ে দিতে পারব না। তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে।’ কামাল হোসেন আরও বলেন, কর্নেল তাহেরকে আটক করে ছয় মাস একা রাখা হয়েছিল। তাঁকে কোনো আইনগত সহায়তা দেওয়া হয়নি। নথিপত্র পাওয়া যাচ্ছে না। কারাগারের বাইরে মেশিনগান তাক করে গোপনে বিচার করা হয়। ওই বিচার অসাংবিধানিক ও বেআইনি ঘোষণার আরজি জানান তিনি। মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজকে নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় শুনানির একপর্যায়ে আদালত বলেন, আদালতের কাজ হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা ও প্রকৃত সত্য উদ্ঘাটন করা। আর এ জন্যই আমরা তাঁকে (লিফশুলজ) বাংলাদেশে আসার জন্য অনুরোধ করেছিলাম। প্রকৃত ঘটনা ও সত্য না জেনে এ ধরনের মন্তব্য করা সমীচীন নয়। মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে অংশ নিয়ে অপর অ্যামিকাস কিউরি এম আমীর-উল-ইসলাম বলেন, সংবিধানের ২৯ ও ৩১ অনুচ্ছেদ অনুসারে জীবনের নিরাপত্তা সংরক্ষিত আছে। আইননানুগ পন্থা ছাড়া কারও জানমালের ক্ষতি সাধন করা যাবে না। ট্রাইব্যুনালের জন্য যে রেগুলেশন (বিধিমালা) করা হয়েছিল, তাতে মৃত্যুদণ্ডের কোনো বিধান ছিল না। কিন্তু তাহেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তাই আইনবহির্ভূতভাবে এ ধরনের শাস্তি দেওয়ার সুযোগ ছিল না। তবে তাহেরের দণ্ড কার্যকরের পর ১৯৭৭ সালের জানুয়ারি মাসে আইন সংশোধন করা হয়। এতে অতীতের কাজ বৈধ হবে না। এর আগে ১৪ মার্চ মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ হাইকোর্টের ওই বেঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘গোপন আদালতের বিচারে এম এ তাহেরের মৃত্যুদণ্ড একটা হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িত একজনের নাম বলতে হলে তিনি হলেন জিয়াউর রহমান। বিচারের আগেই তিনি তাহেরের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছিলেন।’ পরদিন জিয়াউর রহমান সম্পর্কে আদালতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, সরকার ‘ভাড়াটে’ বিদেশি সাংবাদিক এনে জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গতকাল শুনানিকালে আদালত বলেন, ‘সরকার নয়, আদালতের অনুরোধেই লিফশুলজ বাংলাদেশে এসেছেন। এই মামলার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তাই আমরা এ মামলাটি শেষ করতে চাই।’ আদালত থেকে বেরিয়ে এ ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, আদালতের কাছে লিফশুলজ যা বলেছেন, তা গত ৩৫ বছর ধরে বলে আসছেন। আদালত ওই বিচারের বিষয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানোয় তিনি স্বেচ্ছায় বক্তব্য দিতে আসেন।