গোপন বিচারের নামে লে. কর্নেল এম এ তাহেরের ফাঁসি কার্যকরের ঘটনা শুধু সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতাই নয়, বরং রাষ্ট্রের দ্বারা সংগঠিত অপরাধ বলে আদালতকে জানিয়েছেন মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার ই-মেইলে পাঠানো তাঁর বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিকালে ২০ জানুয়ারি আদালত লরেন্স লিফশুলজের বক্তব্য শুনতে চেয়েছিল। এ ব্যাপারে পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রপক্ষকে যোগাযোগ করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় লরেন্স লিফশুলজের সঙ্গে সংশ্লিষ্টরা যোগাযোগ করলে তিনি বক্তব্য পাঠান। লিফশুলজ বলেছেন, কথিত বিচার শুরু হওয়ার অনেক আগেই জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে তাঁকে হত্যার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। জেনারেল মঞ্জুর এ ঘটনা নিশ্চিতভাবে জানতেন। ওই সময় জিয়ার ঘনিষ্ঠ আরও দুই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিষয়টি লিফশুলজকে নিশ্চিত করেছিলেন বলেও তিনি জানান।মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কার্যকর করা হয় কর্নেল তাহেরের ফাঁসি। ওই সময় বাংলাদেশ থেকে লিফশুজকে বহিষ্কার করা হয়। কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুত্ফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছরের ২৩ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন।এরই পরিপ্রেক্ষিতে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। এখন রিটের ওপর চূড়ান্ত শুনানি চলছে।আজ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, লিফশুলজ গতকাল বুধবার তার বক্তব্য ই-মেইলের মাধ্যমে পাঠিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে হলফনামা আকারে (এফিডেভিড) তার বক্তব্যের কপি জমা দেওয়া হয়েছে।লিফশুলজের বক্তব্যের বিষয়ে এম কে রহমান বলেন, সব নিয়মনীতি, মানবাধিকার ও মৌলিক অধিকার রহিত করে তাহেরকে বিচারের মুখোমুখি করা হয়। তত্কালীন মেজর জেনারেল এম মঞ্জুর তাহেরের বিচার ও ফাঁসি ঠেকাতে চেষ্টা করেও সফল হননি। জিয়াউর রহমানের পূর্বনির্ধারিত পরিকল্পনায় তাহের বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাহেরের বিচারের সময় পদস্থ সেনা কর্মকর্তা মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুকে আদালতে হাজির হওয়ার সময়সীমা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলেও এম কে রহমান জানান।