তাহেরের গোপন বিচার রিটের শুনানি ১৩ ডিসেম্বর পর্যন্ত মুলতবি
কর্নেল তাহেরের গোপন বিচার প্রশ্নে দায়ের করা রিটের শুনানি ১৩ ডিসেম্বর সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, নথিপত্র ও রুল প্রস্তুতির জন্য সাত দিন সময় চাওয়া হলে আদালত সোমবার পর্যন্ত সময় দিয়েছেন। ওই দিন শুনানি অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা প্রশ্নে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ এ বছরের আগস্ট মাসে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট হাইকোর্ট কর্নেল তাহেরের সামরিক আদালতে গোপন বিচারের নথি সরবরাহ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তাহেরের গোপন বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক ফরমানের আওতায় আদালত গঠন, বিচার ও ফাঁসি কার্যকর করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। সর্বশেষ ২ ডিসেম্বর আদালত রুল শুনানির জন্য প্রস্তুত করতে নির্দেশ দেন। সে সঙ্গে বিষয়টি শুনানির জন্য কার্য তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়।