তাহেরের গোপন বিচার সম্পর্কে জানতেন না নুরুল ইসলাম শিশু
লে. কর্নেল তাহেরসহ অন্যদের বিচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না তত্কালীন অ্যাডজুডেন্ট জেনারেল নুরুল ইসলাম শিশু। তিনি বলেন, ‘এ মামলায় কী ঘটেছিল, অন্য সামরিক কর্মকর্তাদের মতো আমিও জানতাম না। বিচার চলাকালে এবং পরবর্তী সময়ে এ মামলা এবং এর বিচার সম্পর্কে আমি কিছুই দেখিনি। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে আমি ওই মামলার কার্যক্রম সম্পর্কে জানতে পারছি, যা তত্কালীন সময়ে আমি জানতাম না। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলি সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং আমি কিছু জানতাম না। ওই সময় আমি বার্মায় (বর্তমান মিয়ানমার) ছিলাম। তখন বার্মা ও বাংলাদেশের মধ্যে টেলিযোগাযোগ ছিল না। তথ্য জানার উত্স ছিল স্থানীয় গণমাধ্যম ও কূটনৈতিক সূত্র।’নুরুল ইসলাম শিশু বলেন, ১৯৭৫ সালে তাহেরকে গ্রেপ্তারের সময় তিনি দেশে ছিলেন না। ইয়াঙ্গুন থেকে দেশে ফেরার পর ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি তাঁকে অ্যাডজুডেন্ট জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।আদালতের কাছে জমা দেওয়া হলফনামায় নুরুল ইসলাম শিশু আজ রোববার এসব কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তিনি এই অনুলিপি পাঠান। তিনি শারীরিক অসুস্থতার কারণে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি নথিভুক্ত করে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে লে. কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুত্ফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। এখন রিটের ওপর চূড়ান্ত শুনানি চলছে।এ ছাড়া ওই সময় গোপন বিচারের মুখোমুখি অপর পাঁচ ব্যক্তি হাইকোর্টে রিট করেন। অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আবদুল হাই মজুমদার, করপোরাল শামসুল হক ও আবদুল মজিদের গোপন বিচার নিয়ে ১ ফেব্রুয়ারি রুল জারি করেন। রুলে ওই সময় বিচারের জন্য বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন, তাঁদের বিচার ও দণ্ড কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সহসভাপতি রবিউল আলম সামরিক আদালতের বিচার অবৈধ ঘোষণা এবং হারানো সামাজিক সম্মান ফিরে পাওয়ার দাবিতে রিট করলে আবেদনকারীদের বিচার ও দণ্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন একই আদালত। একই সঙ্গে ওই বিশেষ আদালত গঠন, বিচারক নিয়োগ, বিচার কেন অবৈধ ও সংবিধানবহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়।