তাহেরের গোপন বিচারের নথি খোঁজা হচ্ছে
বিশেষ সামরিক ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের নথি খুঁজছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নথি সরবরাহ করতে আদালতের কোনো নির্দেশনা গতকাল পর্যন্ত পায়নি মন্ত্রণালয়।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। তবে হাইকোর্টের রায়ের পরই আমরা নথি খুঁজে বের করতে কারা প্রশাসনের মহাপরিদর্শককে (আইজি প্রিজন) মৌখিকভাবে নির্দেশ দিয়েছি। গতকাল পর্যন্ত এ নথির কোনো হদিস পাওয়া যায়নি।’সচিব বলেন, ‘কারাগারে এ নথি না থাকার সম্ভাবনাই বেশি। কেননা, এটি ১৯৭৬ সালের ঘটনা। এত দিনের রেকর্ড আদৌ সংরক্ষণ করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তবে আরও খোঁজা হবে। আর নথি খুঁজে না পেলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব না। কেননা, এসব নথি ১২ বছর পর্যন্ত সংরক্ষণে রাখার কথা।’মন্ত্রণালয় সূত্র জানায়, রেকর্ড রুম নির্দেশিকা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নথিপত্র সংরক্ষণ করা হয়ে থাকে। এর মধ্যে কোনো নথি পাঁচ বছর সংরক্ষণে রাখা হয়, আবার কোনোটা ১০ বছর বা ১৫ বছর। আর এ নথিটি সংরক্ষণে রাখার কথা ছিল ১২ বছর।জানা গেছে, স্বরাষ্ট্রসচিব দফায় দফায় আইজি প্রিজনের কাছে এ নথি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।প্রসঙ্গত, ২৩ আগস্ট কর্নেল তাহেরের গোপন বিচারের নথি তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাহেরের গোপন বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক ফরমানের আওতায় আদালত গঠন, এর আওতায় গোপন বিচার এবং তাহেরের ফাঁসি কার্যকর করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, কারা মহাপরিদর্শক ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়কসহ সাতজনকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।