তাহেরের গোপন বিচারের রিটের রায় ২২ মার্চ
কর্নেল তাহেরের গোপন বিচারের ওপর করা রিটের রায় ২২ মার্চ দেওয়া হবে। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ রায় দেওয়ার এ দিন ধার্য করেন।আদালত থেকে বের হয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, ‘আদালত ২২ মার্চ রায়ের দিন ধার্য করেছেন। আমার কিছু বক্তব্য আছে। শুনানি নিয়ে আদালত চারটি রিটের ওপর ওই দিন রায় দেবেন।’অ্যামিকাস কিউরি হিসেবে আজ আদালতে এম জহির এবং এম আই ফারুকী বক্তব্য দেন।ফিরে দেখা: মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুত্ফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ ছাড়া ওই সময় গোপন বিচারের মুখোমুখি অন্য পাঁচ ব্যক্তির করা হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। তাঁরা হলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সহসভাপতি রবিউল আলম, অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আবদুল হাই মজুমদার, করপোরাল শামসুল হক ও আবদুল মজিদ।