লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের তিন ছেলেই একাধিক খুনের মামলার আসামি। তবে তাহের ও তাঁর স্ত্রীও খুনের মামলার আসামি ছিলেন। পরে তাঁরা মামলা থেকে অব্যাহতি পান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে (১৯৯৬-২০০০) তাহের-পরিবারের সদস্যদের নানা অপরাধের কারণে লক্ষ্মীপুর সন্ত্রাসের জনপদে পরিণত হয়। ওই সময় বিএনপির নেতা আইনজীবী নুরুল ইসলামকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। নুরুল ইসলাম হত্যা মামলায় তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। কিন্তু তাহেরের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি তাঁর মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করেন। নুরুল ইসলাম হত্যা মামলা ছাড়াও বিপ্লব আরও চারটি হত্যা মামলার আসামি। এর মধ্যে দুটিতে তাঁর যাবজ্জীবন সাজা হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, মৃত্যুদণ্ড যখন মওকুফ হয়েছে, তখন যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মামলায় যেকোনো মুহূর্তে জামিন পেয়ে যাবেন বিপ্লব। এদিকে ১০ বছর পর আবু তাহের আবার পৌরসভার মেয়র হয়েছেন। ফলে পুরোনো চেহারায় ফিরে আসতে পারে এই পরিবার। বেপরোয়া হয়ে উঠতে পারেন মুক্ত বিপ্লব।লক্ষ্মীপুর থানা সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম হত্যা ছাড়াও বিপ্লবের বিরুদ্ধে চারটি হত্যা মামলা হলো: বিএনপির কর্মী কামাল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফিরোজ আলম, শিবিরকর্মী মহসিন ও জাহের হোসেন হত্যা মামলা। এই পাঁচটি হত্যা মামলায় তাহেরের পালিত ছেলে আবদুল জব্বার লাভলু ওরফে লাবুও আসামি।তাহেরের আরেক ছেলে এ কে এম সালাউদ্দিন ওরফে টিপু নুরুল ইসলাম, ফিরোজ আলম ও কামাল হোসেন হত্যা মামলার আসামি ছিলেন। আর তাঁদের বাবা আবু তাহের নুরুল ইসলাম ও কামাল হোসেন হত্যা মামলার এবং মা নাজমা নুরুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন। পরে উচ্চ আদালতে টিপু, তাহের ও নাজমা খালাস পান।বিগত আওয়ামী লীগ সরকারের সময় ১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় সন্ত্রাসীদের ‘গডফাদার’ হিসেবে তাহের দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন।যোগাযোগ করা হলে আবু তাহের গত রাতে প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলে বিপ্লবের অনুপস্থিতিতে আদালত একতরফা রায় দিয়েছিলেন। মামলার অন্য আসামিরা আদালতে হাজির ছিলেন। তাঁরা সবাই খালাস পেয়েছেন। বিপ্লব থাকতে পারলে তিনিও খালাস পেতেন। কিন্তু তৎকালীন সরকারের ‘ক্রসফায়ারের’ হুমকির কারণে তিনি পালিয়ে ছিলেন।একটি সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকারমন্ত্রী থাকাকালে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানে আসেন। ওই সময় তিনি দলীয় নেতা আবু তাহেরের বাসায় নৈশভোজ করেন। বিপ্লবের সাজা মওকুফের পর এখন এ বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে। ফিরোজ আলম হত্যা: দক্ষিণ মজুপুর গ্রামের আবুল কাশেম জানান, ১৯৯৮ সালের ২ অক্টোবর বিপ্লবের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সেদিন রাতেই ফিরোজকে শহরের শহীদ স্মৃতি বিদ্যালয়ের পেছনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে বিপ্লব, টিপু, পালিত ছেলে লাবুসহ ২৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি এখন লক্ষ্মীপুর জেলা জজ আদালতে বিচারাধীন।বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ মওকুফের কথা শুনে হতভম্ব হয়ে পড়েন আবুল কাশেম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কাছে আমরা বারবার পরাজিত। রাষ্ট্রপতি খুনিকে ক্ষমা করে দিয়েছেন। এখন আমার ছেলে হত্যার ন্যায়বিচার পাওয়া নিয়েও শঙ্কায় আছি। চিন্তায় আছি আমাদের নিরাপত্তা নিয়েও।’নুরুল ইসলাম হত্যা মামলার প্রথম বাদী লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি তারেক উদ্দিন মাহমুদ চৌধুরীর কাছে বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ মওকুফের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি রাগে-ক্ষোভে কোনো কথা বলেননি। সমিতির বর্তমান সভাপতি সৈয়দ মো. শামছুল আলম প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীরা হত্যা করবে, আর রাষ্ট্রপতি তাদের মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করে দেবেন, এটা ন্যায়বিচার হতে পারে না। এতে খুনিরা আরও উৎসাহিত হবে।’শহরের ওষুধ ব্যবসায়ী বিজয় দেবনাথ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাষ্ট্রপতি পাঁচটি হত্যা মামলার আসামি বিপ্লবকে মুক্ত করে দিলেন। বিপ্লবের কথা মনে পড়লেই গা শিউরে ওঠে। তার মতো সন্ত্রাসী মুক্তি পেল, এটা ভাবতেই পারছি না।’জাহের হত্যা: শিবিরের সাবেক জেলা সহসভাপতি ও জাহের হত্যা মামলার বাদী ফারুক হোসেন বলেন, ১৯৯৯ সালের ১৭ আগস্ট তাহেরের ছেলেরা প্রকাশ্যে শিবিরকর্মী জাহেরকে হত্যা করে। এ ঘটনায় বিপ্লব, টিপু ও লাবুকে আসামি করা হয়। দুঃখের বিষয়, বর্তমান সরকারের আমলে ওই মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে।কামাল হত্যা: বিএনপির কর্মী কামাল হোসেন হত্যা মামলার বাদী তাঁর ভাই আবদুর রহিম মুঠোফোনে বলেন, কামালকে ১৯৯৯ সালের আগস্টে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি আবু তাহের, তাঁর ছেলে বিপ্লব, টিপু ও লাবুসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিপ্লবের দুই ভাই টিপু ও লাবুকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এই মামলায় আবু তাহের ও তাঁর ছেলে বিপ্লবের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে হাইকোর্ট থেকে বিপ্লব ও খালেদ ছাড়া বাকি চারজন খালাস পান।গতকাল বুধবার লক্ষ্মীপুর সদর মডেল থানায় গেলে স্কুলশিক্ষক হারুনুর রশিদ বলেন, ‘নুরুল ইসলামের নাম-চিহ্ন নেই। হত্যাকারীরা সবাই মুক্ত। তবে এই মাইক্রোবাসটি এখনো আছে। এই মাইক্রোবাসে তুলে নিয়েই নুরুল ইসলামকে হত্যা করা হয়। এটি এখনো পরিত্যক্ত অবস্থায় থানার সামনেই পড়ে আছে।’লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনজীবী হাছিবুর রহমান বলেন, ‘শেখ হাসিনা তাঁর বাবার খুনিদের দেশে ফিরিয়ে আনতে বিদেশিদের সঙ্গে চুক্তি করছেন। আইনজীবী নিয়োগ করছেন। অথচ এ দেশের হত্যাকারীদের মৃত্যুদণ্ডাদেশ রাষ্ট্রপতি অহরহ মওকুফ করছেন। দেশে আইনের শাসনের নামে তামাশা হচ্ছে।’তবে জেলার সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন দাবি করেন, নুরুল ইসলাম হত্যা মামলাটি রাজনৈতিক। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে বিপ্লবকে ক্ষমা করেছেন। এতে আইনের শাসনের কোনো ব্যত্যয় ঘটেনি।বিচারক না থাকায় আদালতে উপস্থাপন হয়নি: চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বিপ্লবের ফাঁসির আদেশ মওকুফের চিঠি বিচারিক আদালতের নথিতে সংরক্ষণের জন্য রাখা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান ছুটিতে থাকায় গতকাল দণ্ড মওকুফের চিঠি আদালতে উপস্থাপন করা যায়নি। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বা পরবর্তী কার্যদিবসে তিনি আদেশ দিতে পারেন।চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারী কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি ফাঁসির আসামি বিপ্লবের দণ্ড মওকুফ করেছেন। লক্ষ্মীপুর কারা কর্তৃপক্ষের কাছ থেকে এ-সংক্রান্ত চিঠি দ্রুত বিচার আদালতে এসে পৌঁছেছে। বিচারক ছুটিতে থাকায় আজ (গতকাল বুধবার) তা আদালতে উপস্থাপন করা যায়নি।’নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম হাসান ইমাম ২০০৩ সালের ৯ ডিসেম্বর এই রায় দেন। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর নুরুল ইসলামকে অপহরণের পর হত্যা করা হয়। গত ৬ এপ্রিল বিপ্লব নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাঁর বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। অন্য দুই মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিপ্লব এখন লক্ষ্মীপুর কারাগারে আছেন।সংশোধন: গতকাল প্রথম আলোর ‘খুনিকে রাষ্ট্রপতির ক্ষমা’ শীর্ষক প্রতিবেদনে ভুলবশত বিপ্লবের আত্মসমর্পণের দিন ৪ এপ্রিল ছাপা হয়েছে। আসলে তিনি ৬ এপ্রিল আত্মসমর্পণ করেন। এ ছাড়া ‘নুরুল ইসলাম ও তাঁর ছেলেদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর...’ ছাপা হয়েছে। হবে আবু তাহের ও তাঁর ছেলেদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।