তাহেরের পরিবার অপবাদমুক্ত হতে চায়
বিশেষ সামরিক ট্রাইব্যুনালে গোপন বিচারের মাধ্যমে কর্নেল আবু তাহেরের ফাঁসির ৩৪ বছর পর এখন তাঁর পরিবার চায়, সত্য উদ্ঘাটিত হোক। একই সঙ্গে মিথ্যা অপবাদ থেকে মুক্ত হতে চায় পরিবারটি।এত বছর পর মামলার নথিপত্র চেয়ে আদালতে যাওয়ার কারণ সম্পর্কে প্রথম আলোকে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন এ কথা বলেন।আনোয়ার হোসেন বলেন, ‘আমরা চাই, সত্য উদ্ঘাটিত হোক। তখন গোপন বিচার হয়েছিল। রায়ের বিরুদ্ধে আপিলও করা যায়নি। বিচারের নথিপত্র এবং রায়ের কপিও পাইনি। আমরা চাই, সবাই জানুক, তখন কী হয়েছিল। তখন বিচারের নামে প্রহসন করে তাহেরের ফাঁসি দেওয়া হয়েছিল। আমাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। আমরা চাই, সেই সাজা বাতিল করা হোক। আমাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে অপবাদ দেওয়া হয়েছিল। আমরা সেই অপবাদ থেকে মুক্ত হতে চাই।’কর্নেল তাহেরকে যে মামলায় আসামি করে ফাঁসি দেওয়া হয়, সে মামলার আসামি ছিলেন অধ্যাপক আনোয়ারও। তিনি জানান, তাহেরকে ১৯৭৫ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয়। আর তাঁকে (আনোয়ার) গ্রেপ্তার করা হয় ’৭৬ সালের ১৫ মার্চ।আনোয়ার হোসেন বলেন, সেই সময়কার পরিস্থিতি ছিল শ্বাসরুদ্ধকর। তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর কাঁটাতারের বেড়া দিয়ে এজলাস বানিয়ে বিচারের আয়োজন করা হয়। কারাগারের ভেতরেই অস্ত্র হাতে সেনারা ছিলেন পাহারায়। আর আসামিদের হাতকড়া পরিয়ে আনা হয়। তিনি বলেন, ‘মামলাটি ছিল রাষ্ট্র বনাম মেজর জলিল গং। মুখ্য আসামি ছিলেন কর্নেল তাহের। আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, আমরা একটি বৈধ সরকারকে উৎখাত করতে চেয়েছি, সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছি। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আফজাল সাহেব। একেকজনের বিরুদ্ধে একেক অভিযোগনামা গঠন করা হয়েছিল।’আনোয়ার হোসেন জানান, এর আগেও ১৯৯৯ সালেও তাঁরা কর্নেল তাহেরের বিচারের নথিপত্র পাওয়ার চেষ্টা করেছিলেন। তখন তাহেরের স্ত্রী লুৎফা তাহের নথিপত্র চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলেন। সে চিঠি গ্রহণও করা হয়। কিন্তু এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও তৎকালীন আওয়ামী লীগ সরকার আবেদনকারীকে কিছু জানায়নি। তিনি বলেন, সরকার সে সময় হয়তো সংবিধানের পঞ্চম সংশোধনীর কারণে ব্যবস্থা নিতে পারেনি। এখন আপিল বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করেছেন। এখন সরকার সব ব্যবস্থা নিতে পারবে বলে তিনি আশাবাদী।এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে—এ প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, ‘হাইকোর্ট সরকারকে তিন সপ্তাহ সময় দিয়ে রুল জারি করেছেন। আমাদের কাজ হচ্ছে এখন তিন সপ্তাহ অপেক্ষা করা। সরকার কী করে, এটাই এখন দেখার বিষয়।’