তাহেরের বক্তব্য যুদ্ধাপরাধী বিচারে প্রচ্ছন্ন হুমকি: আইন প্রতিমন্ত্রী
ফোর্স রিজার্ভ আছে, যথা সময়ে প্রয়োগ করা হবে—জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্যকে রাষ্ট্র, জনগণ ও আইনের শাসনের প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, তাঁর হুমকি আইনের শাসন তথা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি এবং মানুষ খুন করার অগ্রিম হুমকি স্বরূপ। এমন হুমকি দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন বলে প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন।আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গতকাল প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় আবদুলাহ মো. তাহের বলেছিলেন, ‘আমরা রাষ্ট্র অচল করে দেওয়ার সামর্থ্য রাখি। কিন্তু কৌশলগত কারণে করছি না। আমাদের শক্তি আছে এবং আরও শক্তি সঞ্চয় করছি। যথা সময়ে রাষ্ট্র এবং বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে।কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্য এবং আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীসহ যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যাঁরা সোচ্চার তাদের খুন করার জন্য তিনি পরোক্ষভাবে হুমকি দিয়েছেন। তিনি বলেন, হুমকির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নেতা-কর্মীদের ধৈর্য ধরার জন্য বলেছি, সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। এই ভয়াবহ হুমকির বিরুদ্ধে আমাদের নেতা-কর্মীদের প্রতিটি থানায় জিডি করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যাঁরা দাবি করেন, তাঁদের কারও বিরুদ্ধে যদি কোনো রকম হামলা হয় বা কাউকে হত্যার জন্য আক্রমণ করা হয়, তাহলে এর জন্য হুমকিদাতা তাহের এবং ওই সভায় যাঁরা উপস্থিত ছিলেন তাদের সরাসরি দায়ী করা হবে। হুমকিদাতাদের সব কর্মকাণ্ডের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। আইন প্রতিমন্ত্রী বলেন, তাহেরের দেওয়া বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।