লক্ষ্মীপুর সদর মডেল থানায় গেলে সামনেই একটি পরিত্যক্ত মাইক্রোবাস চোখে পড়ে। ময়লায় রং ঢেকে গেছে। ছিঁড়ে গেছে আসন। বসে গেছে চাকা। পুলিশ সদস্যরা জানান, মাইক্রোবাসটির রং সাদা ছিল। ২০০০ সালের পর এটি আর ব্যবহূত হয়নি।মাইক্রোবাসটির মালিক লক্ষ্মীপুরের ‘ত্রাস’ আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লব। ‘গডফাদার’ তাহেরের সব অপকর্মের বাস্তবায়নকারী বিপ্লব এই মাইক্রোবাসে করেই তাঁর সন্ত্রাসী বাহিনীকে নিয়ে প্রকাশ্যে অস্ত্র হাতে লক্ষ্মীপুর দাবড়ে বেড়াতেন। লক্ষ্মীপুর শহরের বাসিন্দারা এখনো সেই দৃশ্য মনে করে শিউরে ওঠে।বিএনপির নেতা নুরুল ইসলাম হত্যাসহ অনেক সন্ত্রাসে ব্যবহূত এই মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১২-৯৭০৫) পুলিশ জব্দ করে নুরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি উপজেলার বাঞ্ছানগরের মাহফুজের বাড়ির গ্যারেজ থেকে। ২০০০ সালে বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলামকে হত্যা করা হয়। এই মামলায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বিপ্লব এখন ফেরারি। তিনি যুবলীগের নেতা কামাল এবং শিবির নেতা হত্যা মামলায়ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি। বিপ্লব এখনো লক্ষ্মীপুরবাসীর কাছে আতঙ্কের নাম।জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক জুয়েল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সপ্তাহ খানেক আগে বিপ্লব তাঁকে ফোন করে বলেছেন, এটা তাঁর বাবার (তাহেরের) শেষ নির্বাচন। তিনি (জুয়েল) যেন তাঁর বাবার পক্ষে নির্বাচন করেন।পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিএনপির নেতা হাসানুজ্জামান চৌধুরীও অভিযোগ করেছেন, তাঁর একাধিক কর্মীকে বিপ্লব ফোনে তাঁর বাবার পক্ষে ভোট করার প্রস্তাব দিয়েছেন। বিপ্লবের অতীত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাঁর অনেক কর্মী ভীত-সন্ত্রস্ত। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান তিনি।জানতে চাইলে লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, থানায় এই বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশের চোখে বিপ্লব পলাতক। পেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।পুলিশের চোখে বিপ্লব ফেরারি হলেও রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় বেশ কয়েকজন দাবি করেছেন, বিপ্লবকে মাঝেমধ্যে লক্ষ্মীপুরে দেখা যায়। গত ১২ ডিসেম্বর মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের বৈঠক হয়েছিল। সেদিনও বিপ্লবকে হেলমেট মাথায় মোটরসাইকেলে শহরে ঘুরতে দেখা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিপ্লব রাতে পৌর এলাকার বাইরে দত্তপাড়ায় আসেন। সেখানকার কুখ্যাত সন্ত্রাসী শামীম বাহিনীর শামীমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে।লক্ষ্মীপুরে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিপ্লব বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। নোয়াখালীর বেগমগঞ্জেও তাঁর আসা-যাওয়া আছে। লক্ষ্মীপুরেও এসে থাকতে পারেন। তবে তাঁকে ধরার বিষয়ে বিশেষ নির্দেশ না থাকায় পুলিশ চেষ্টা চালায় না।লক্ষ্মীপুর চকবাজারের একজন দোকানদার বলেন, বিপ্লব কাউকে নিশানা করলে হয় তার জীবন গেছে, নয়তো পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বাহিনীসহ প্রকাশ্যে অস্ত্র নিয়ে মাইক্রোবাসে ঘুরতেন তিনি। পৌর নির্বাচন ঘিরে আবারও সেই বিপ্লবের নাম শোনা যাচ্ছে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন।ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হলে আবু তাহের এড়িয়ে যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুধু আমার ছেলে নয়, নুরুল ইসলাম হত্যা মামলায় অনেকের ছেলেরই সাজা হয়েছে।’ বিপ্লবের সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলেও জানান তিনি।অবশ্য লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) নজরুল হোসেন দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা কয়েকবার অভিযান চালিয়েছেন, কিন্তু প্রতিবারই বিপ্লব ফসকে গেছেন। বিপ্লব কাউকে হুমকি দিয়ে থাকলে তাঁকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন এসপি। অভিযোগকারীকে নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করতে চান তিনি।গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাহের কারাগারে যাওয়ার পর বিপ্লব ভারতে পালিয়ে যান। এরপর বিএনপির আমলের পুরোটাই সেখানে ছিলেন। এক-এগারোর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাও ভারতে আশ্রয় নেন। বিপ্লব তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। অঙ্গসংগঠনের ওই সব নেতা এখন সরকারি দল হিসেবে আওয়ামী লীগে ভালো অবস্থানে আছেন। বিপ্লব তাঁদের ছায়ায় আছেন। পতিত গডফাদারদের মধ্যে আবু তাহেরের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রেও এ নেতারা কাজ করেছেন।লক্ষ্মীপুরে পৌর নির্বাচনের ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলার গোয়েন্দা সংস্থা। স্থানীয় ভোটাররাও নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন। তবে জেলা প্রশাসন বলছে, এখানে কোনো সংঘাতের আশঙ্কা নেই। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে লক্ষ্মীপুরে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেনাবাহিনী ছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একজন কর্মকর্তা, ছয়জন কনস্টেবল ও ১৪ জন আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানায় জেলা প্রশাসন।তবে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হাসানুজ্জামান চৌধুরী এক সপ্তাহ আগে লক্ষ্মীপুরে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি দাবি করেন, তাঁর কর্মীদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে। তাঁর সমর্থকেরা আতঙ্কে স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।আরেক মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আ ন ম ফজলুল করিমও (দল থেকে বহিষ্কৃত) দ্রুত সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।অনেকেই জানান, ২০০১ সালের আগে বিপ্লবের নেতৃত্বে পৌর এলাকার বাইরেও প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাসী বাহিনী ছিল। এর অধিকাংশই বর্তমানে সক্রিয়। এ ছাড়া পৌর এলাকা লাগোয়া দত্তপাড়ায় শামীম বাহিনী ও বসিকপুর এলাকায় জেহাদি কাশেম বাহিনী বর্তমানে সক্রিয়। পুলিশের চোখে এরাও ভয়ংকর সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। নির্বাচনে এরা পৌর এলাকার কয়েকটি কেন্দ্রে ত্রাস সৃষ্টি করতে পারে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করি, আবার কোনো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করি না।’ ওসি ইসমাইল হোসেনকে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বদলি করা হয়েছে। তবে তিনি এখনো দায়িত্বে আছেন। জেলা প্রশাসক আবুল বাশার জহুরুল ইসলাম দাবি করেন, এখানে কেউ সন্ত্রাস করার দুঃসাহস দেখাতে পারবে না।