তাৎক্ষণিক কর্মসূচি নিয়ে বিএনপিতে নানা আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনে গত মঙ্গলবার রাস্তায় গাড়ি পোড়ানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা সরকারকে যতটা না চাপে ফেলেছে, এখন তার চেয়ে বেশি চাপে ফেলেছে বিএনপিকে। এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে বলে মনে করছে দলটির নীতিনির্ধারকদের একটি অংশ।নেত্রকোনায় ১৮ দলের সমাবেশে যাওয়ার পথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গাড়িবহরে হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে। সরকারি দলের লোকজন নেত্রকোনার সমাবেশও বানচাল করে দেয়। তার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে গাড়ি পুড়িয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির কর্মীরা। দলের একটি অংশ মনে করছে, যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছে, তাতে মনে হচ্ছে, এর অন্যতম উদ্দেশ্য ছিল মির্জা আব্বাসের অনুসারীদের শক্তি প্রদর্শন ও বিএনপিতে তাঁর প্রভাব বাড়ানো।ওই ঘটনার পর থেকে বিএনপির নয়াপল্টনের কার্যালয় পুলিশ অবরোধ করে রেখেছে। তিনটি মামলা হয়েছে। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ ২৫ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে অনেক নেতা, বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রথম সারির নেতারা গা ঢাকা দিয়েছেন। ফলে এ নিয়ে বিএনপির ভেতরেও নানা আলোচনা-সমালোচনা চলছে। দলের কেউ কেউ মনে করছেন, এতে চলমান আন্দোলনকে দমানোর সুযোগ পেয়ে গেল সরকার। আবার অনেকে মনে করেন, এ ঘটনা আন্দোলনে কর্মীদের আরও উজ্জীবিত করবে।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত রাতে প্রথম আলোকে বলেন, ‘শুধু আমার গাড়িবহরে হামলার জন্যই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়নি। পুরো নেত্রকোনায় সরকারি দলের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করে, যা সেখানে না গেলে বোঝা যাবে না।’দলের সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোনার ঘটনায় ঢাকায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিষয়ে দলের অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে ছাত্রদলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার উৎসাহ বেশি ছিল। সদ্য গঠিত ছাত্রদলের নতুন কমিটিতে মির্জা আব্বাস ঘরানার নেতারাই বেশি পদ পেয়েছেন বলে কমিটি গঠনের পর আলোচনা ছিল। মঙ্গলবারের ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীরাই বেশি সক্রিয় ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিষয়টা এভাবে দেখার সুযোগ নেই। বিএনপির অন্য কোনো নেতার ওপর হামলা হলেও আমরা একই ধরনের প্রতিক্রিয়াই দেখাতাম।’বিএনপির নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিলে নেত্রকোনার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশেষ করে, চট্টগ্রামে বৌদ্ধদের বসতি ও উপাসনালয়ে নজিরবিহীন হামলার ঘটনার সময় এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দেয় না। দলের এই অংশ মনে করে, সরকার এ পরিস্থিতিতে পরিকল্পিতভাবে নানাভাবে বিএনপিকে ঘায়েল করতে চাচ্ছে। সেই মুহূর্তে এ ধরনের পাল্টা কর্মসূচির জন্য সুযোগসন্ধানীরা ওত পেতে থাকে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সংবাদ সম্মেলনে বলেন, সরকার চাইছে আগাম সংঘাত লাগাতে। পুলিশ আকস্মিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। ওই সময় ‘সরকারি মদদপুষ্ট’ কিছু ব্যক্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।