হরতাল মোকাবিলায় রাজপথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকালও ঢাকাসহ সারা দেশে ৫৮ জনকে সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৭ জন রাজধানীর, বাকি ৩১ জন রাজধানীর বাইরের। এর আগে শনিবার রাতে শুধু রাজধানীতে ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।এদিকে হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি মোকাবিলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল আসকের এক বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁরা মনে করেন, হরতাল ও রাজনৈতিক কর্মসূচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের দমনের নামে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে। অতীতেও বিভিন্ন সময়ে গণগ্রেপ্তারের নামে রাজনৈতিক ব্যক্তিদের মতো অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়া ভ্রাম্যমাণ আদালত একতরফাভাবে নেতা-কর্মীদের শাস্তি দিচ্ছেন। ১৯৫২ সালের তামাক ও মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় এ ধরনের শাস্তি দেওয়া নজিরবিহীন ঘটনা।তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, হরতাল চলাকালে আইন মেনেই ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি জাতীয় সংসদে পাস হয়েছে। তাই এটি এখন আইনগত ব্যাপার। শুধু বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।হরতাল ঠেকাতে শনিবার বিকেল থেকে ১০টি ভ্রাম্যমাণ আদালত নামানো হয়। এসব আদালত শনিবার ৫৪ জনকে এক থেকে তিন মাসের কারাদণ্ড দেন। গতকাল সকাল থেকে আদালতগুলো রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাতে শুরু করেন।ঢাকা মহানগর: পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। এ সময় পল্লবী থানার পুলিশ জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন।পরে দুপুর আড়াইটার দিকে মিরপুর ১১ নম্বরে একটি বেসরকারি ব্যাংকের সামনে দুই যুবক পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন। পুলিশ সেখানে দুজনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।বেলা সাড়ে ১১টার দিকে এফডিসির (চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) সামনে একদল লোক হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। দুপুর দুইটার দিকে মীরহাজিরবাগে বিএনপি-জামায়াতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেন।বিকেলে পৌনে তিনটার দিকে সোনারগাঁও লিংক রোডে সম্মিলিত ওলামা মাশায়ায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন রব্বানী, সংগঠনটির মহানগর সভাপতি আহমদ আলীসহ নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। এ সময় কলাবাগান থানার পুলিশ ওই দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত ওলামা মাশায়াখের কর্মী মোশাররফকে সাত দিনের কারাদণ্ড দেন।এর আগে শনিবার রাতে সেগুনবাগিচায় পিকেটিং করার সময় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। ওই রাতে একই থানার মগবাজারের দিলু রোডে বোতলে পেট্রল নিয়ে গাড়িতে আগুন দেওয়ার সময় পুলিশ হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন।শনিবার রাতে দুই যুবক রামপুরা ডিআইটি রোডে গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন এবং পেট্রলের বোতল হাতে নিয়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। ওই রাতে গুলশানে মার্কিন দূতাবাসের সামনে একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে র্যাব একজনকে হাতেনাতে ধরেছে বলে দাবি করে। পরে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দেন। এভাবে ভ্রাম্যমাণ আদালত তেজগাঁওয়ে দুজন ও হাজারীবাগে একজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনে দাবি করেছে, গতকাল দুপুর দুইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাদের ১৮ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এঁদের গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়।রাজধানীর বাইরে অভিযানসিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর থানার এসআই আবদুল মালেক জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে নূর মোহাম্মদ, এবাদত আলী, মাসুদ, শাহিন, শফিক নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।রাজশাহী: পিকেটিং করার সময় রাজশাহীতে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের একজনকে এক মাসের কারাদণ্ড দেন।নোয়াখালী: বেগমগঞ্জের চৌমুহনীতে গাড়ি চলাচলে বাধা দেওয়ার অভিযোগে আলমগীর হোসেন ও সামছুদ্দিন নামের দুজন হরতাল-সমর্থককে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দিনাজপুর: কোতোয়ালি থানার ওসি শামীম ইকবাল বলেন, পুলিশ শহরের মুন্সিপাড়া এলাকা থেকে দুজন ও ষষ্ঠীতলা মোড় থেকে একজনকে গ্রেপ্তার করে। ভ্রাম্যমাণ আদালত এই তিনজনকে দুই মাসের কারাদণ্ড দেন।সাতক্ষীরা: দুপুরে শহরের আলাউদ্দিন চত্বর এলাকায় হরতাল-সমর্থকেরা পিকআপ ভাঙচুর করলে পুলিশ ছাত্রদলের কর্মী আলী সুমনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।বগুড়া: সকাল সাতটার দিকে নয় মাইল স্ট্যান্ডে ট্রাক ভাঙচুরের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নূর মাহমুদকে দুই বছরের কারাদণ্ড; আমিনুল ইসলাম ও সোহেল রানাকে ছয় মাসের কারাদণ্ড; পারভেজ, হানজেলা ও রনি বাবুকে দুই হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।বরগুনা: শহরের সদর রোডে পৌরসভা কার্যালয়ের সামনে পিকেটিং করার সময় পুলিশ জেলা ছাত্রদলের সদস্য হুমায়ুনকে গ্রেপ্তার করে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। টাঙ্গাইল: যুবদলের কর্মী মতিয়ার রহমান, শহিদুল ইসলাম ও হূদয়কে এক মাসের কারাদণ্ড, মহিউদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড ও টিপুকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শ্রীপুর: টঙ্গীর দেওড়া এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাসুম বিল্লাহ নামে বিএনপির এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। কুমিল্লা: ছাত্রদলের পাঁচ কর্মীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন বাপ্পী, জুয়েল, পারভেজ, ডালিম ও বাগা।নিন্দা: বাসদের (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গণগ্রেপ্তার ও আদালতের নামে বিনা বিচারে জেল দেওয়ার ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।সাত মামলা: হরতালের আগের দিনে এবং গতকাল হরতাল চলাকালে রাজধানীতে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মহানগর পুলিশের বিভিন্ন থানায় সাতটি মামলা হয়েছে।মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে, শনিবার ও গতকাল পল্লবী থানায় তিনটি এবং শেরেবাংলা নগর, সবুজবাগ, মতিঝিল ও রমনা থানায় একটি করে মামলা হয়। এ ছাড়া গতকাল গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।