তাৎক্ষণিক হরতালের ঘোষণা অপরাধের শামিল: এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আগামীকাল বুধবারের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আত্মঘাতী কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।এফবিসিসিআই মনে করে, তাত্ক্ষণিক হরতালের কর্মসূচি ঘোষণা জনগণের দৃষ্টিতে অপরাধের শামিল। জনগণ তা কোনোভাবেই মেনে নিতে পারে না। এফবিসিসিআই থেকে আজ মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। একই দাবিতে আজও হরতাল পালন করে দলটি।এফবিসিসিআই বলছে, হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি ব্যবসায়ী সমাজ কোনোভাবেই সমর্থন করতে পারে না। আর্থসামাজিক উন্নয়ন এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোসহ বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এবং ব্যবসায়ী সমাজ সম্মিলিতভাবে কার্যক্রম নিয়ে আসছে। হরতাল নিত্যপণ্যের দাম বাড়ায়, চট্টগ্রাম ও মংলা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে, সর্বোপরি হরতাল বা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিশৃঙ্খলা ও হয়রানি সৃষ্টি করে।সরকার ও বেসরকারি খাতের আন্তরিক প্রচেষ্টায় দেশের অর্থনীতি শক্তিশালী পরিকাঠামোর উপর দাঁড়াতে যাচ্ছে। তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে সব পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববাজারে এ দেশের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি, নতুন বিনিয়োগ আকর্ষণ ও জিএসপিসংক্রান্ত প্রতিকূলতা কাটাতে চেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় হরতালের মতো অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক কর্মসূচি দেশের ব্যবসা-বাণিজ্য ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এতে দেশি-বিদেশি উভয় বিনিয়োগেই নেতিবাচক প্রভাব ফেলছে।