তাড়াশে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ছাত্রদের মধ্যে চারজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটে।থানা পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলা ছাত্রদলের শাখা কমিটি গঠন নিয়ে সাবেক সভাপতি জিয়াউর রহমানের পক্ষের সঙ্গে আবুল বাসারের পক্ষের দ্বন্দ্ব চলছিল। আজ দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে কমিটি গঠন নিয়ে জিয়াউর রহমান ও আবুল বাসারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি-ইটপাটকেল নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময়ে বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় বাসার, মুকুল, শাহিন ও শরিফকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আফসার আলী জানান, ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুটি পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।