তিউনিশিয়ার নির্বাচনে ইসলামপন্থী দলের বিজয় দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিশিয়ার পার্লামেন্ট নির্বাচনে মধ্যপন্থী ইসলামি দল এন্নাহাদা বিজয়ী হওয়ার দাবি করেছে। আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার বিকেলে ফল ঘোষণার কথা।দলটির পক্ষ থেকে বলা হয়, তারা ইতিমধ্যে নির্বাচনী কেন্দ্রগুলোতে প্রাপ্ত ভোট গণনা করেছে। দলের প্রচার কার্যক্রমের ব্যবস্থাপক আবদেল হামিদ জলাজ্জি বলেন, ‘নির্বাচনে এন্নাহাদা প্রথম স্থান লাভ করেছে।’এন্নাহাদার প্রধান প্রতিদ্বন্দ্বী ধর্মনিরপেক্ষ মধ্য-বামপন্থী দল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) পরাজয় মেনে নিয়েছে।ইসলামপন্থী দলটির নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, ইসলামি রাষ্ট্র নয়, বহুদলীয় ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন তাঁরা।এন্নাহাদার সদর দপ্তরে জয়নব ওমরি নামে হিজাব পরা এক তরুণী বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কেউ এ ফল নিয়ে সন্দেহ করতে পারবে না। এ ফল তিউনিশিয়ার জনগণের ইসলামি পরিচয় প্রকাশ করছে।’নির্বাচনী কর্মকর্তারা জানান, তাঁরা এখনো কিছু এলাকায় ভোট গণনা করছেন। আজ বিকেলের আগে ফল ঘোষণা করা সম্ভব হবে না। নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।’তিউনিশিয়ার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে গত রোববার ভোট গ্রহণ করা হয়। ভোটারেরা ২১৭ আসনের পার্লামেন্ট সদস্যের নির্বাচন ভোট দেন। নতুন এই পার্লামেন্ট সংবিধানের খসড়া প্রণয়ন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিয়োগ ও অন্তর্বর্তী সরকার গঠন করবে।আরব বিশ্বে সাম্প্রতিক সময়ে যে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তার সূচনা তিউনিশিয়া থেকেই। ব্যাপক গণ-আন্দোলনের মুখে গত ১৪ জানুয়ারি দেশ ছেড়ে পালিয়ে যান দেশটির ২৩ বছরের শাসক প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী। আরব বিশ্বের যে দেশগুলোতে শাসকদের পতন হয়েছে, তার মধ্যে তিউনিশিয়াতেই এ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো।