তিউনিশিয়ায় এন্নাহাদাকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিশিয়ার পার্লামেন্ট নির্বাচনে মধ্যপন্থী ইসলামি দল এন্নাহাদাকে সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার গতকাল বৃহস্পতিবার রাজধানী তিউনিশে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে। এদিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পরপরই তিউনিশিয়ার সিদি বুজিদে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। শত শত বিক্ষোভকারীকে লক্ষ্য করে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। সিদি বুজিদের ছয়টি নির্বাচনী জেলায় পপুলার লিস্ট পার্টি কয়েকটি আসনে জয়ী হলেও প্রার্থীদের অনিয়মের কারণে নির্বাচন কমিশন তাঁদের আসন বাতিল করেছে। কমিশনের এ পদক্ষেপের বিরুদ্ধে সিদি বুজিদে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।গতকাল তিউনিশিয়ার প্রধান নির্বাচন কমিশনার কামেল জানদৌবি জানান, ২১৭ আসনের পার্লামেন্টে মোট প্রাপ্ত ভোটের ৪১ দশমিক পাঁচ শতাংশ পেয়ে এন্নাহাদা ৯০টি আসন পেয়েছে।গণ-অভ্যুত্থানে দেশটির সাবেক স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলীর পতনের নয় মাস পর এ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। জনগণের প্রত্যক্ষ ভোটে নতুন গঠিত এ পার্লামেন্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন, প্রেসিডেন্ট নিয়োগ এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে।নির্বাচন কমিশনের তথ্যমতে, পার্লামেন্ট নির্বাচনে বামপন্থী কংগ্রেস ফর দ্য রিপাবলিক ১৩ দশমিক আট শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। তারা পেয়েছে ৩০টি আসন। এ ছাড়া এত্তাকাতোল দল নয় দশমিক সাত শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। তারা পেয়েছে ২১ টি আসন।নির্বাচন কমিশন কর্তৃক বিজয়ী ঘোষার পর এন্নাহাদার নেতা রশিদ ঘানুচি বলেন, ‘যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে, তা অব্যাহত থাকবে।’ একই সঙ্গে তিনি জানান, তিউনিশিয়া হবে সব ধর্মের মানুষের দেশ।গত রোববার তিউনিশিয়ার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। আরব বিশ্বে সাম্প্রতিক সময়ে যে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তার সূচনা তিউনিশিয়া থেকেই। ব্যাপক গণ-আন্দোলনের মুখে গত ১৪ জানুয়ারি দেশ ছেড়ে পালিয়ে যান দেশটির ২৩ বছরের শাসক প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী।