তিউনিসিয়ায় বিরোধী নেতা গুলিতে নিহত
তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতা শুকরি বেলায়েত আজ বুধবার আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিরোধী পপুলার ফ্রন্ট পার্টির এই নেতা তাঁর বাসভবনের বাইরে গুলিবিদ্ধ হন। ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। খবরের সত্যতা নিশ্চিত করে শুকরির ভাই আবদেলমাজিদ বেলায়েত বলেন, ‘আমার ভাই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আমি বিক্ষুব্ধ ও মর্মাহত।’চিকিত্সকরা জানিয়েছেন, শুকরির মাথা ও বুকে চারটি গুলি লেগেছে। আরব বসন্তে ২০১১ সালের জানুয়ারিতে দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলীর পতন ঘটে। এর পর দেশটির সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও নানা ধরনের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে দেশটি। শুকরি দেশটির একজন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। কে বা কারা তাঁকে হত্যা করেছে—তা এখনো পরিষ্কার নয়। কোনো গোষ্ঠী তাঁর হত্যার দায় স্বীকার করেনি।