তিউনিসিয়া সীমান্তে আটকে আছেন কয়েক হাজার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া ছাড়তে উন্মুখ প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দুই দিন ধরে আটকে আছেন তিউনিসিয়া সীমান্তে। আটকে পড়া লোকজন অভিযোগ করেছেন, তাঁরা এখনো নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। বাংলাদেশের কোনো কর্মকর্তাকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত তিউনিসিয়া সীমান্তের কাছে দেখা যায়নি। এ ছাড়া দুর্ভোগে পড়া বাংলাদেশিদের সহায়তায় কোনো আশ্রয়শিবির খোলা হয়নি।জানতে চাইলে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জাম্মান আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কাল বুধবারের মধ্যে ঢাকা থেকে একাধিক কর্মকর্তা তিউনিসিয়া সীমান্তে পৌঁছানোর কথা। আশা করি, তাঁরা এলেই আটকে পড়া লোকজনের তিউনিসিয়া পৌঁছানো সহজ হবে।’এদিকে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে লুটপাট হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের দপ্তরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। গণমাধ্যমে যে সংবাদ ছাপা হয়েছে, সেটি সঠিক নয়। তবে এটা ঠিক যে দুই-তিন ধরে ত্রিপোলির আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে।’এদিকে তিউনিসিয়া সীমান্তের কাছে নো-ম্যানস ল্যান্ডে আটকে পড়া লোকজনের অন্যতম প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘দক্ষিণ কোরিয়ার মালিকপক্ষ আমাদের সীমান্তে রেখে তিউনিসিয়া চলে গেছেন। গতকাল সোমবার দুপুরে আসার পর থেকে আমরা অনাহারে আছি। এভাবে কত সময় আমাদের থাকতে হবে জানি না। সংঘাতের হাত থেকে বাঁচতে এখানে এসেছি। তবে কি আমরা এখানেই অনিশ্চিত জীবন কাটাব?’আইওএম আনছে ৪০০ জন: এদিকে আইওএমের সহায়তায় প্রায় ৪০০ বাংলাদেশি কাল সকালে ঢাকায় আসছেন। তাঁদের মধ্যে গালফ এয়ারের একটি ফ্লাইটে ভোর সাড়ে চারটায় আসবেন ৩৫ জন। এ ছাড়া সকাল ১০টায় দুটি ভাড়া করা বিমানে আসবেন আরও ৩৪৮ জন।আইওএমের মুখপাত্র আসিফ মুনির প্রথম আলোকে বলেন, কাল যাঁরা আসছেন, তাঁরা সবাই লিবিয়া ছেড়ে মিসরে আশ্রয় নিয়েছেন। কায়রো থেকে তাঁদের ঢাকায় আনা হচ্ছে। আগামী কয়েক দিনে আরও বেশ কিছু বাংলাদেশিকে দেশে আনার প্রক্রিয়া চলছে। ভাড়া করা বিমানের প্রাপ্তির ওপর নির্ভর করছে তাঁদের দেশে ফেরা।’