তিউনিসিয়া সীমান্তে এখনো দেড় হাজার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৩১ হাজার ৪৪১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া তিউনিসিয়া সীমান্তে এখনো ফেরার অপেক্ষায় দেড় হাজার বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিমানের সাতটি এবং আইওএমের ভাড়া করা বিশেষ ১০১টি বিমানে করে এ পর্যন্ত মোট ৩১ হাজার ৪৪১ জন দেশে ফিরেছেন। এর মধ্যে তিন হাজার ৬৯২ জন নিজ উদ্যোগে বা কোম্পানির মাধ্যমে এবং ২৫ হাজার ৬৯৬ জন আইওএমের মাধ্যমে ফিরেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিউনিসিয়া সীমান্তে এখনো দেড় হাজার বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায়। এর মধ্যে ২৩ মার্চ লিবিয়া থেকে আরও ৩৭৮ জন বাংলাদেশি তিউনিসিয়া এবং ৩০ জন নতুন করে মিসর সীমান্তে অবস্থান করছেন।আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর প্রথম আলোকে জানিয়েছেন, আইওএমের ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৫ জন ফিরেছেন তিউনিস সীমান্ত থেকে এবং ছয় হাজার ৭৫ জন ফিরেছেন মিসর সীমান্ত থেকে। তিউনিস ও আলজেরিয়া সীমান্ত থেকে ২৮ মার্চের মধ্যে সব বাংলাদেশি ফিরে আসবেন বলে মনে করে আইওএম।আইওএম জানিয়েছে, লিবিয়ায় বর্তমান নিরাপত্তাজনিত সংকটে আইওএমসহ আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থাগুলো লিবিয়ার ভেতরে আটকে পড়া বিভিন্ন দেশের মানুষের খোঁজখবর নেওয়া ও সহায়তা দেওয়ার এখনো কোনো অনুমতি পায়নি। তবে সীমান্তে আরও অধিকসংখ্যক মানুষ আশ্রয় ও প্রত্যাবাসনের জন্য আসতে পারেন—এ আশঙ্কায় সীমান্তে সব সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে আইওএম ও জাতিসংঘ শরণার্থীশিবির।