তিউনিসিয়া: বেন আলির বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা
তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলি ও তাঁর পরিবারের পলাতক সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দেশটির বিচারমন্ত্রী লাজহার কারোই চেহবি গতকাল বুধবার এ কথা জানান।লাজহার কারোই চেহবি বলেছেন, ‘অবৈধভাবে সম্পদ অর্জন ও বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার বেন আলি ও তাঁর পরিবারের অন্যান্য পলাতক সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিচারের জন্য প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীসহ পলাতক ব্যক্তিদের খুঁজে বের করতে আমরা ইন্টারপোলকে বলেছি। কেউই আইনের ঊর্ধ্বে নন।’বিচারমন্ত্রী আরও জানান, সাবেক প্রেসিডেন্টের পরিবারের সাত জন সদস্য বর্তমানে তিউনিসিয়ায় আটক রয়েছেন।এদিকে ইন্টারপোল নিশ্চিত করেছে, সংস্থাটির তিউনিস ব্যুরো বিশ্বব্যাপী বেন আলির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। ইন্টারপোল বেন আলি ও তাঁর পরিবারের পলাতক সদস্যদের খুঁজে বের করা, তাঁদের অবস্থান নির্ণয় এবং সাময়িকভাবে গ্রেপ্তার করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে। গ্রেপ্তারের পর তিউনিসিয়ার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁকে হস্তান্তরের অনুরোধ জানাবে।তীব্র জনরোষের মুখে ১৪ জানুয়ারি বেন আলি পদত্যাগ করেন এবং সৌদি আরবে পালিয়ে যান। সৌদি আরব তাঁকে হস্তান্তর করবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ইন্টারপোলের এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বেন আলির পক্ষে অন্য দেশ, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ অসম্ভব হয়ে পড়বে।তিউনিসিয়ায় এখনো বেন আলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার থেকে বর্তমান প্রধানমন্ত্রীসহ বেন আলির সরকারের মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী বেন আলির সরকারের অধীনে কাজ করেছেন। বিবিসি/আল-জাজিরা।