তিউনিসিয়ার অভ্যুত্থানের ছায়া ইয়েমেনে
ইয়েমেনে নতুন করে শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছে ইয়েমেনের রাজধানী সানা।বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হাজার হাজার প্রতিবাদকারী সানা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর কমপক্ষে চারটি স্থানে সমাবেত হয়ে বিক্ষোভ করছে। তারা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছে এবং তিউনিসিয়ার প্রেসিডেন্টের মতো আবদুল্লাহ সালেহকে ক্ষমতা থেকে সরে যেতে বলছেন।আবদুল্লাহ সালেহ গত ৩০ বছরেরও বেশি সময় ধরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন, ভ্রান্তনীতি গ্রহণ ও ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ রয়েছে।বিক্ষোভকারীরা সরকারের দুর্নীতি ও অর্থনৈতিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ছাত্র ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।সীমাহীন দারিদ্র্য, রাজনৈতিক স্বাধীনতার অভাব, সরকারের দুর্নীতি ইত্যাদি কারণে দেশটির নতুন প্রজন্মের মধ্যে তীব্র হতাশা কাজ করছে। এ ছাড়া আবদুল্লাহ সালেহ আজীবন ক্ষমতা ধরে রাখতে সংবিধান সংশোধনের পরিকল্পনা করছেন বলেও অভিযোগ রয়েছে।এর আগেও গত কয়েক দিন দেশটিতে বেশ কয়েক দফা ক্ষুদ্র ক্ষুদ্র সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ দেশটির খ্যাতিমান মানবাধিকারকর্মী তাওয়াকুল কারমানকে গ্রেপ্তার করে। কারমানের গ্রেপ্তার সরকারবিরোধী বিক্ষোভকে উসকে দেন। তবে গত সোমবার সরকার তাঁকে মুক্তি দেয়।মুক্তি পেয়ে সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে কারমান বলেছেন, তিউনিসিয়া থেকে উত্সাহিত হয়ে দেশটিতে একটি অভ্যুত্থান সংঘটিত হতে যাচ্ছে।পশ্চিমা ঘেঁষা আবদুল্লাহ সালেহ ১৯৭৮ সালে উত্তর ইয়েমেনের দায়িত্ব নেন। ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়ামেন একত্র হয়। তখন থেকে তিনি যুক্ত ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন। ২০০৬ সালে তিনি পুনর্নির্বাচিত হন। বিবিসি।