তিউনিসিয়ার ক্ষমতাসীন দল এন্নাদা পার্টি
সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার এক দিন পর ২ মার্চ তিউনিসিয়ার ক্ষমতাসীন দল এন্নাদা পার্টির সভাপতি রাশেদ গানুচির একটি বিবৃতি প্রকাশিত হয় দলটির ওয়েবসাইটে। সে বিবৃতিকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। বিবৃতিতে বলা হয়, ‘জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের দমন-পীড়নের ঘটনায় তিউনিসিয়ার এন্নাদা পার্টি উদ্বিগ্ন। নিরাপত্তার নামে বাংলাদেশে নাগরিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে, বিশেষ করে ইসলামি আন্দোলনের নেতা ও সমর্থকদের দমন-পীড়ন করা হচ্ছে। সরকারের দমন-পীড়নের প্রতিবাদে বিরোধীদলীয় ইসলামপন্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অনেক মানুষকে হত্যা করা হয়েছে।’জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরকারের এসব আচরণ ও দলটির নেতাদের রাজনৈতিক বিচারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘এসবের মাধ্যমে ভিন্ন মতাবলম্বীদের দমনের চেষ্টা করা হচ্ছে।’ সাঈদীসহ অন্য বন্দীদের প্রতি পূর্ণ সংহতি ব্যক্ত করে বলা হয়, ‘তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ১৯৭১ সালে তাঁরা পাকিস্তানের বিভক্তি ও বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।’বাংলাদেশের সরকারের বিরুদ্ধে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ও অন্যায় নীতির অভিযোগ করে এন্নাদা পার্টি এর বিরুদ্ধে সোচ্চার হতে সব আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানায়।