তিউনিসিয়ায় দুই মন্ত্রীর পদত্যাগ
তিউনিসিয়ায় অন্তর্বর্তী সরকারের দুই মন্ত্র্রী গতকাল সোমবার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচির পদত্যাগের এক দিন পর তাঁরা দায়িত্ব ছাড়লেন। পদত্যাগী মন্ত্রীরা হলেন—শিল্প ও প্রযুক্তিমন্ত্র্রী মোহাম্মদ আফিফ চেলবি ও পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী মোহাম্মদ নূরি জুইনি। তাঁরা উভয়ই বেন আলি সরকারের সময় মন্ত্রী ছিলেন। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ওই দুই মন্ত্রীর পদত্যাগের ফলে বর্তমান সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জাইন আল-আবেদিন বেন আলির প্রভাব মুক্ত হলো। সরকারবিরোধীরা গত শুক্রবার ও শনিবার প্রধানমন্ত্রী ঘানুচির পদত্যাগ ও নতুন সংবিধানের দাবিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে। শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়। পরের দিনই ঘানাচি পদত্যাগ করেন। কিন্তু ঘানুচির পদত্যাগের পরও বিক্ষোভকারীরা ক্ষান্ত হয়নি। তারা অন্তর্বর্তী সরকারে বেন আলি আমলের সব মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। ওই দুই মন্ত্রীর পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকারে বেন আলি সরকারের আর কোনো মন্ত্রীর উপস্থিতি নেই। ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ১৪ জানুয়ারি প্রেসিডেন্ট বেন আলি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান।অর্ন্তবর্তী সরকার বলছে, তারা যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম শুরু করছে। এ ছাড়া আগামী জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের। তবে বিশ্লেষকেরা বলছেন, সরকারের পদক্ষেপে এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা।