তিউনিসিয়ায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু
আরব বসন্তে তিউনিসিয়ার একনায়ক জয়নুল আবেদিন বেন আলীর পতনের নয় মাস আজ রোববার সকালে দেশটিতে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দেশি-বিদেশি অনেক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ২১৭ আসনের পার্লামেন্টে শতাধিক দলের মোট এক হাজার ৫১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৮২৮ জন রাজনৈতিক দলের, ৬৫৫ জন স্বতন্ত্র এবং ৩৪ জন রাজনৈতিক জোটের প্রার্থী। নির্বাচনে মোট ৭২ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল সোমবার সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।নির্বাচিত পার্লামেন্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। ধারণা করা হচ্ছে, এক সময়ের নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী এন্নাহদা দলই নির্বাচনে বিজয়ী হতে পারে। তবে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা স্পষ্ট নয়।এর আগে গত শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচার শেষ হয়। গতকাল শনিবার সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ ছিল। আরব বিশ্বে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যে দেশগুলোতে শাসকদের পতন হয়েছে, তার মধ্যে তিউনিসিয়ায়ই এই প্রথম নির্বাচন হচ্ছে।