তিউনিসিয়ায় বেন আলীর পরিবারের ৩৩ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর পরিবারের কমপক্ষে ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত জয়নুল আবেদিন বেন আলীর পরিবারের ওই সদস্যরা দেশ ছেড়ে পালাতে চেয়েছিল বলে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজা গতকাল বুধবার টিভিতে দেওয়া এক ভাষণে আগের সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করেন। তিনি তাঁর ভাষণে তিউনিসিয়ায় স্বাধীন বিচারব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করারও ঘোষণা দেন। ফুয়াদ মেবাজা সব রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘সবাই একত্র হয়ে আমরা আমাদের দেশের ইতিহাস নতুন করে লিখতে পারি।’তিউনিসিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অপর এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন সরকার দেশটির সব রাজবন্দীকে মুক্তি দিয়েছে। এদিকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল চালমি রাই জানিয়েছেন, সুইস ব্যাংকে থাকা বেন আলী ও তাঁর সহযোগীদের সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।জয়নুল আবেদিন বেন আলী সরকারের চরম দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর থেকে তিউনিসিয়ায় বিক্ষোভ দানা বাঁধে। তীব্র জনরোষের মুখে ১৫ জানুয়ারি তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। বিবিসি।