তিউনিসিয়ায় সাংবিধানিক পরিষদের নির্বাচন ২৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ায় আগামী ২৪ জুলাই সাংবিধানিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পরিষদ দেশটির নতুন সংবিধান প্রণয়ন ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করবে। তিউনিসিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজ্জা গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে এক ভাষণে এ কথা জানান।বার্তা সংস্থা রয়টার্স প্রেসিডেন্টের ভাষণের বরাত দিয়ে জানিয়েছে, অন্তর্বর্তী সরকার এ নির্বাচন হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে। মেবাজ্জা বলেন, ‘আমরা আজ নতুন এক যুগে প্রবেশের ঘোষণা করছি। এ যুগ হবে ক্ষমতাচ্যুত শাসনব্যবস্থা থেকে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক ধরা।’ রাজধানী তিউনিসসহ তিউনিসিয়া জুড়ে হাজার হাজার মানুষ রাজপথে নেমে প্রেসিডেন্টের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, নির্বাচিত সাংবিধানিক পরিষদ নতুন সরকার নিয়োগ অথবা প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কাজ চালিয়ে যেতে বলতে পারে। উদার ইসলামপন্থী এন্নাহদা পার্টির সদস্য আলি লারাইয়েদ বলেন, এটা জনগণের সরাসরি অংশ গ্রহণে গণতন্ত্রের দিকে যাওয়ার একটি পদক্ষেপ। তিউনিসিয়ার ২৩ বছরের স্বৈরশাসক জাইন আল-আবেদিন বেন আলী ব্যাপক গণ-আন্দোলনের মুখে গত ১৪ জানুয়ারি পদত্যাগ করে সৌদি আরবে পালিয়ে যান। এরপর গঠিত অন্তর্বর্তী সরকার শুরুতে মধ্য জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। বিশ্লেষকেরা বলছেন, রাজপথে অব্যাহত বিক্ষোভ ও অন্তর্বর্তী সরকার থেকে মন্ত্রীদের পদত্যাগের কারণে বর্তমান সরকার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে থাকতে পারে। গত রোববার পর্যন্ত অন্তর্বর্তী সরকার থেকে প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচিসহ ছয়জন মন্ত্রী সরে দাঁড়িয়েছেন। তবে বর্তমান সংবিধানের একটি ধারার কারণে ক্ষমতার শূন্যতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সংবিধানের ওই ধারামতে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের মেয়াদ ৬০ দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে মেবাজ্জা গতকাল ভাষণে বলেন, বিপ্লবের পর বর্তমান সংবিধানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। তিনি জানান, ২৪ জুলাইয়ের ভোট পর্যন্ত তাঁরা ক্ষমতায় থাকবেন।বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্টের ঘোষণা ক্ষমতা হস্তান্তরের রোড ম্যাপের পরিকল্পনা বর্ণিত হয়েছে। এতে অন্তর্বর্তী সরকার কিছুটা হলেও চাপ মুক্ত হবে। তিউনিসের রাজনৈতিক বিশ্লেষক সালাহ উদ্দিন জুরচি বলেন, ‘ঐকমত্যের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। যথাযথ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান পরিবর্তন গুরুত্বপূর্ণ। এটা করতে হলে সময়ের প্রয়োজন রয়েছে। আমার ধারণা, প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে দুই বছরও সময় লেগে যেতে পরে।’