তিউনিসিয়ায় হাজার হাজার নারীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছেন হাজার হাজার নারী। দেশটির ইসলামপন্থী সরকার নারীকে ‘পুরুষের পরিপূরক’ হিসেবে বিবেচনা করে সংবিধানে একটি নতুন সাংবিধানিক খসড়া প্রণয়ন করেছে। এতে নারীর মর্যাদা ক্ষুণ্ন হবে বলে মনে করছেন তিউনিসিয়ার নারীরা। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।গত সোমবার সন্ধ্যায় বিক্ষোভ চলাকালে নারীদের হাতে ‘নিজের অধিকার নিয়ে সোচ্চার হও নারী’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল।গত বছর ইসলামপন্থী এন্নাহাদা পার্টি ক্ষমতায় আসার আগে দেশটি ধর্মনিরপেক্ষ আরব দেশগুলোর একটি ছিল।২০১১ সালে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীর পতনের পর ক্ষমতায় আসে এন্নাহাদা পার্টি। ১৯৬৫ সালে দেশটির প্রণীত সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এতে বহুবিবাহ নিষিদ্ধ এবং বিবাহ ও বিচ্ছেদ-সম্পর্কিত দেওয়ানি আইন প্রণয়নের কথা বলা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, পার্লামেন্টের মানবাধিকার ও গণস্বাধীনতা-বিষয়ক প্যানেলের প্রধান ফরিদা আল-ওবায়দি বলেন, ‘নতুন সাংবিধানিক খসড়ায় যে কথা লেখা হয়েছে, সেগুলো তিউনিসিয়ার নারীদের পেছনে ঠেলে দেওয়ার জন্য নয়। এতে পুরুষ ও নারীর ভূমিকা ভাগাভাগি করার কথা বলা হয়েছে। পুরুষের তুলনায় নারীকে খাটো করা এর উদ্দেশ্য নয়।’কিন্তু ডেমোক্রেটিক ওমেনস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন আহলাম বেলহাদজ এ ধারার নিন্দা জানান। তিনি বলেন, একটি পদক্ষেপ দিয়েই এভাবে ব্যাপক পশ্চাত্পসরণ শুরু হয়।