তিউনিসিয়ায় ১০ দিনের মধ্যে জোট সরকার: এননাহদা
তিউনিসিয়ায় আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে পার্লামেন্ট নির্বাচনে জয়ী মধ্যপন্থী ইসলামি দল এননাহদা। দলের মহাসচিব হামাদি জেবালি গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে।হামাদি জেবালি বলেন, ‘আমরা নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে জোরালো করছি। তা করতে এক সপ্তাহ থেকে ১০ দিন লাগতে পারে।’হামাদি জেবালি জানিয়েছেন, জোট সরকার গঠনের উদ্দেশ্যে এননাহদা অন্যান্য দলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। এ ক্ষেত্রে অন্যান্য দলের সঙ্গে এননাহদার আলোচনায় দেশের অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্ব পাবে।তিউনিসিয়ায় নতুন গঠিত অন্তর্বর্তীকালীন জোট সরকারের মন্ত্রিসভায় এননাহদার বর্তমান মহাসচিব হামাদি জেবালি প্রধানমন্ত্রী পদ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।গত রোববার তিউনিসিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মধ্যপন্থী ইসলামি দল এননাহদা বিজয়ী হয়েছে বলে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। গণ-অভ্যুত্থানে স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলীর পতনের নয় মাস পর তিউনিসিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে ২১৭ আসনের পার্লামেন্টে ৯০ আসন পেয়েছে এননাহদা। এই দলটিকে নিষিদ্ধ করেছিলেন বেন আলী।