তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কাম্য নয়
সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখা না-রাখা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা ২০০৬ সালের সংকটময় অবস্থার আলামত।ব্যবসায়ী-শিল্পপতিসহ দেশের কোনো মানুষের কাছে ২০০৬ সালের সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কাম্য নয়। তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি না, থাকলে কীভাবে রাখা যাবে, না থাকলে কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে—সরকারি ও বিরোধী দল মিলে এসব বিষয় ঠিক করতে হবে।সুপ্রিম কোর্টের রায় সবাইকে মানতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট একটিমাত্র শেষ কথা বলেননি। ওই রায়ের পরও তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনীতিকদের ওপরই রয়েছে। সরকার বা সরকারি দল সুপ্রিম কোর্টের রায়ের আলোকে একটি অবস্থান নিয়েছে। তাদের অবস্থান পরিষ্কার। তারা নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করে সুষ্ঠু নির্বাচন করার কথা বলছে।বিরোধী দলের অবস্থান তার বিপরীত। তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার পক্ষে। এখন সুপ্রিম কোর্টের রায়ের পরও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কীভাবে বহাল রাখা হবে বা যাবে, সে বিষয়ে তো সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনা হতে হবে। বিরোধী দলের উচিত সংসদে গিয়ে এ বিষয়ে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তা না করে বিরোধী দল হরতাল ডেকে মোটেই ঠিক কাজ করেনি।হরতাল দেশের শিল্প-বাণিজ্য, অর্থনীতির জন্যই শুধু ক্ষতিকর নয়, হরতাল দেশে-বিদেশে রাজনীতিকদের ও এ দেশের রাজনৈতিক সংস্কৃতির ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। রাজনৈতিক সংকট যত জটিল ও গভীরই হোক না কেন, কোনো অবস্থাতেই দেশবাসী হরতালকে সমর্থন করবে না।এ কে আজাদ: এফবিসিসিআইয়ের সভাপতি।